২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডের সিদ্ধান্ত, প্রথম বিভাগে নেমে গেল ব্রাদার্স ও ইন্দিরা রোড

বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রেলিগেশন লিগের ম্যাচ খেলতে যায়নি ব্রাদার্স ইউনিয়ন এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্র। না গেলেও তৎক্ষনাৎই কোনো ব্যবস্থা নিয়ে ফেলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিকশ্চার অনুযায়ী বাকি দুটো ম্যাচ পর্যন্ত অপেক্ষার নীতি অবলম্বন করলেও শেষপর্যন্ত তারা সেটা থেকে সরে এসেছে। শনিবার সন্ধ্যায় এক সভা করে কঠোর ব্যবস্থাও নিয়ে ফেলা হয়েছে ওই ক্লাব দুটোর বিরুদ্ধে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্রাদার্স এবং ইন্দিরা রোডকে প্রিমিয়ার ক্রিকেট থেকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তই হয়েছে সভায়। সভাশেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রেলিগেশন লিগের ম্যাচ খেলতে যায়নি ব্রাদার্স ইউনিয়ন এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্র। না গেলেও তৎক্ষনাৎই কোনো ব্যবস্থা নিয়ে ফেলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিকশ্চার অনুযায়ী বাকি দুটো ম্যাচ পর্যন্ত অপেক্ষার নীতি অবলম্বন করলেও শেষপর্যন্ত তারা সেটা থেকে সরে এসেছে। শনিবার সন্ধ্যায় এক সভা করে কঠোর ব্যবস্থাও নিয়ে ফেলা হয়েছে ওই ক্লাব দুটোর বিরুদ্ধে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্রাদার্স এবং ইন্দিরা রোডকে প্রিমিয়ার ক্রিকেট থেকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তই হয়েছে সভায়। সভাশেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রোববার মিরপুরে সিটি ক্লাব-ব্রাদার্স ম্যাচ রাখা হয়েছিল ফিকশ্চারে। কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ায় গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের অসমাপ্ত রেলিগেশন লিগের বাকী দুটো ম্যাচ আয়োজনের কোনো প্রয়োজন দেখছেন না লিপু, "ওইদিন ব্রাদার্স এবং ইন্দিরা রোডের কোনোটাই মাঠে আসেনি। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী তাই দুটো দলই প্রথম বিভাগে নেমে গেছে। আর প্লেয়িং কন্ডিশনে যেহেতু দুটোর বেশি দল রেলিগেটেড হওয়ার কোনো বিধান নেই, অবশিষ্ট ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা রাখার প্রয়োজনও ফুরিয়ে গেছে তাই। ব্রাদার্স এবং ইন্দিরা রোডকে আমরা ইতিমধ্যে তাদের অবনমনের কথা চিঠি দিয়ে জানিয়েও দিয়েছি।" কিন্তু ওই দুটো দলের সঙ্গে সিটি ক্লাবও তো কাঁধে কাঁধ মিলিয়ে রেলিগেশন লিগে না খেলার সংকল্প করেছিল। তাহলে তাদের কী হবে? লিপু বললেন, "আগেই বলেছি দুটোর বেশি দল রেলিগেটেড হওয়ার নিয়ম নেই। বলতে পারেন এই নিয়মের 'বেনিফিসিয়ারি' সিটি ক্লাব।" তার মানে অন্য দুটো দলের মতো না খেলার সিদ্ধান্তে অটল থেকেও শেষপর্যন্ত বেঁচেই গেল সিটি ক্লাব। রোববারও বিসিবি ম্যাচ আয়োজনের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত বহাল রাখলে সিটি ক্লাবও কিন্তু ওই দুটো দলের মতো মাঠে না যাওয়ার অপরাধে অপরাধী হতো। এ বিষয়ে লিপু অবশ্য কথা বাড়াতে চাইলেন না, "সিটি ক্লাব বেঁচে গেল নাকি লাভবান হলো সেটা আপনারা লিখবেন।" সিসিডিএম চেয়ারম্যান জানাতে ভোলেননি যে ব্রাদার্স এবং ইন্দিরা রোডকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তে বোর্ড সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীরও সায় আছে, "আজ সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সভাটি আমরা করলাম তাতে কয়েকজন বোর্ড সদস্য উপস্থিত ছিলেন। সিসিডিএম চেয়ারম্যান হিসেবে এই কঠিন সিদ্ধান্তটি যদিও আমাকেই নিতে হয়েছে। তবে এই সিদ্ধান্তে বোর্ড সভাপতিও সম্মতি দিয়েছেন।" কিন্তু ক্লাবগুলো তো বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্ততিও নিয়ে রেখেছে! কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে এটার কথা তাদের মাথায় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে লিপু বলেছেন, "তারা তো আমাদের বলেনি এটা। পত্রিকাতে অবশ্য দেখেছি তাদের এমন পরিকল্পনার কথা দেখেছি। এক বছর আগে প্রথম বিভাগে ক্রিকেটেও এরকম আদালতে যাওয়ার ঘটনা ঘটেছে। এটা নতুন নয়। কিন্তু ক্রিকেটের স্বার্থে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে।" সেই সঙ্গে তিনি আরো মনে করিয়ে দিলেন, "এই রেলিগেশন লিগ আগে না হওয়ার জন্য বর্তমান বোর্ড মোটেও দায়ী নয়। এটা তো গত লিগের ধারাবাহিকতাতেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আগের বোর্ড তা করে যায়নি। আগামী লিগের কার্যক্রম শুরুর জন্য এই রেলিগেশন লিগ শেষ করা জরুরী ছিল। আমরা তাই করতে চেয়েছিলাম।" অবশ্য সিসিডিএম চেয়ারম্যান হিসেবে এভাবে সিদ্ধান্ত নেয়াটা লিপুর কাছেও খুব একটা ভালো লাগেনি। তিনি চেয়েছিলেন যেকোনোভাবে খেলাগুলো হোক, " আমরা আপ্রাণ চেষ্টা করেছি। বলেছিলাম যদি সময় লাগে সময় দিতে প্রস্তুত আছি। ক্লাবগুলো প্র্যাকটিসে অসুবিধার কথা বলেছিল। আমরা তাদের ইনডোর এবং আউটডোর প্র্যাকটিস সুবিধা দেব বলেছিলাম। এমনকি প্রয়োজনে আর্থিক অনুদান দিতেও প্রস্তুত ছিলাম। শর্ত ছিল একটাই। খেলাটা হতে হবে। আমাদের সেরা মাঠ মিরপুরেই খেলা দিয়েছিলাম। কিন্তু তারা খেলতে আসেনি। দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা।" সেই ঘটনার জন্ম দিয়েছে তারা, সময় চলে যাওয়ার পর তাদের বোধোদয় হয়েছে খানিকটা। আগে আদালতে যাওয়ার হুমকি দিলেও শনিবার রাতে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর যোগাযোগ করা হলে রেলিগেটেড হয়ে যাওয়া ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানউদ্দিন বলেছেন,''আমরা মাঠের জিনিস মাঠেই শেষ করতে চাই। আদালতে যাওয়ার কথা এখনই ভাবছি না। আমাদের এখনকার দাবি হলো বোর্ড সভাপতি যেন আমাদের বক্তব্যটা শুনেন।'' তুলনায় কিছুটা ক্ষুদ্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন ইন্দিরা রোডের ক্রিকেট সম্পাদক মশিউর রহমান টুটুল, "আমরা ৩ তারিখে বোর্ড সভাপতির হস্তক্ষেপ কামনা করে একটা চিঠি দিয়েছিলাম। কিন্তু তার কোনো জবাবই পেলাম না। এর আগেই এমন সিদ্ধান্ত নিয়ে বোর্ড আমাদের একরকম অপমানই করেছে। আগামীকাল (রোববার) আমাদের তিন ক্লাবের একটা সভা আছে। সেখানেই আমরা পরবর্তী করনীয় ঠিক করবো।" আর ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সিটি ক্লাবের ক্রিকেট সম্পাদক জাহানদার রশীদ জুয়েল এখনও তিন ক্লাবের ঐক্য থেকে সরে আসতে চান না, "আমরা তো একা বাঁচতে চাইনি। সবাই মিলেই বাঁচতে চেয়েছিলাম।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.