ঢাকা, ৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ছুটি কাটাতে বৃহষ্পতিবার নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে গেছেন শন উইলিয়ামস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার ২৩ অক্টোবর ফিরবেন নতুন দায়িত্ব নিতে। কাগজ-কলমের কাজ ছেড়ে তিনি পুরোদস্তুর কোচ হতে চাওয়ায় বিসিবি তাকে জাতীয় ক্রিকেট একাডেমীর হেড কোচ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কোচ হওয়ার প্রস্তাব দেয়। ভাবার জন্য কয়েকটা দিন সময় নেওয়া এই অস্ট্রেলিয়ানের ছুটিতে যাওয়ার আগেই সিদ্ধান্ত জানানোর কথা। বুধবারই বিসিবির প্রস্তাবে তার সম্মতি পাওয়া গেছে বলেই জানিয়েছেন গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) এমএ লতিফ।
যদিও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে টেলিফোনালাপে একটু রহস্যই করতে চাইলেন শন, "আমি শুধু এটুকুই বলতে পারি, বোর্ডের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে।" যে আলোচনার ফল নিয়ে দারুণ উচ্ছ্বসিত লতিফও, "বুধবার সকালেই শনের সঙ্গে বসেছিলাম আমি। শন বলেছে যে ও আমাদের সঙ্গে থাকতে চায়। এটা আমাদের জন্যও ভালো খবর। ছুটি কাটিয়ে ফিরেই ও আগামী ফেব্র"য়ারির বিশ্বকাপকে সামনে রেখে অনুর্ধ্ব-১৯ দলকে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বে। যুব বিশ্বকাপ নিয়ে আমাদের অনেক আশা।"
গত জুলাইয়ের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলেরও আপদকালীন কোচের দায়িত্ব পালন করা শন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপেও একই দায়িত্ব নিতে প্রথমে অপারগতা প্রকাশ করেন। পরে বাড়তি দুই হাজার ডলারে তার সঙ্গে রফা করে বিসিবি। সেকারণেই এবারো নতুন চুক্তির জন্য বাড়তি বেতন-ভাতা দাবি করে বসেন কিনা, তা নিয়েও ছিল কৌতুহল। কিন্তু লতিফ জানালেন ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার হিসেবে যা পেতেন, সেই একই বেতনে নতুন দায়িত্ব
সামলাবেন শন উইলিয়ামস, "বলেছি না এটা আমাদের মধ্যে দারুণ সৌহার্দ্যপূর্ণ এক আলোচনা ছিল। ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার হিসেবে শনের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হবে ২০০৮ সালের জুলাইয়ে। ওই সময় পর্যন্ত একই সুবিধাদি নিয়ে নতুন কাজ করে যেতে আপত্তি নেই ওর। তবে এর মধ্যে কিছু বোনাসেরও ব্যবস্থা করে দেব আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24