২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চান না আতাপাত্তু !

অশান্ত ডি মেলের আগ্রহের প্রতি বিন্দুমাত্র সম্মান জানালেন না মারভান আতাপাত্তু। পরিষ্কার জানিয়ে দিলেন বর্তমান নির্বাচকমন্ডলীর সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা তার নেই। যার অর্থ আগামী মাসের অস্ট্রেলিয়া সফরে আতাপাত্তুর যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

কলম্বো, ৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অশান্ত ডি মেলের আগ্রহের প্রতি বিন্দুমাত্র সম্মান জানালেন না মারভান আতাপাত্তু। পরিষ্কার জানিয়ে দিলেন বর্তমান নির্বাচকমন্ডলীর সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা তার নেই। যার অর্থ আগামী মাসের অস্ট্রেলিয়া সফরে আতাপাত্তুর যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। দুদিন আগে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ডি মেল জানিয়েছিলেন অভিজ্ঞতার জন্য অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজে আতাপাত্তুকে রাখার কথা তারা ভাবছেন। যদিও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। বিশ্বকাপে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। বিশ্বকাপের পর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজে দলেই নেয়া হয়নি তাকে। এরপর বাংলাদেশের সঙ্গে হোম সিরিজ থেকে নিজেই সরে দাঁড়ানোর পর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি দেয়ারও অনুরোধ জানিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও সেই অনুরোধে সাড়া দিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তার প্রয়োজনীয়তা ভাল মতোই অনুভব করছিলেন নির্বাচকরা। তাকে দলে রাখার ইঙ্গিতও দিয়েছিলেন ডি মেল। তবে নির্বাচকদের এই আগ্রহকে একেবারে উড়িয়ে দিয়ে আতাপাত্তু জানিয়েছেন, "শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহীর কাছ থেকে একটা ই-মেল পেয়েছি আমি। সেখানে ৩ অক্টোবর বিকেল ৫টায় আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচকরা যে সেখানে থাকবেন সেটাও লেখা ছিল ই-মেলটাতে। কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে অশান্ত ডি মেলের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সঙ্গে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না।" এমন অপমানজনক মন্তব্যের পর ডি মেল জানিয়েছেন আতাপাত্তুর সঙ্গে আর কথা বলার ইচ্ছা নেই তারও। অস্ট্রেলিয়া সফরে আতাপাত্তুর বদলে জয়াসুরিয়াকে নেয়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.