করাচি, ৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইনজামাম এবং ইউসুফ রহস্যের সাময়িক সমাধান হয়েছে। লাহোরে ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলবেন দুজনই। ইউসুফ এরপরও দলে থাকবেন, কিন্তু ইনজামাম লাহোর টেস্ট খেলেই বিদায় নিয়ে নেবেন কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। সেদিন আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে সাবেক পাকিস্তান অধিনায়ক জানাবেন তার ভবিষ্যত পরিকল্পনা।
''ইনজামাম করাচিতে কয়েকজন প্রভাবশালী বোর্ড সদস্য এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক করে তার ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত নেবে''-জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র। শুক্রবার সেই সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে জানাবেন ইনজামাম। আগের খবর ছিল, লাহোর টেস্ট খেলেই অবসর নেয়ার বিষয়ে ইনজামামের সঙ্গে বোর্ডের সমঝোতা একটা সমঝোতা হয়েছে কিন্তু পরিস্থিতি এখন খানিকটা বদলে গেছে। বদলে দিয়েছে আসলে করাচি টেস্টে পাকিস্তানের বাজে পারফরম্যান্স। আর সেজন্যই সম্ভবত ইনজামামকে আরও কিছুদিন চাইছে বোর্ড। ''এই সিরিজের পরই ভারত সফর, তারপর আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ! কাজেই মিডল অর্ডারের অনভিজ্ঞতা দূর করতে এই দুজনকে লাগবে''-বোর্ডের সুত্রটিই ইনজামামের ক্যারিয়ার প্রলম্বিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে এভাবে।
সেটা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, কিন্তু লাহোর টেস্টে দুজনকেই দেখা যাবে। শেষ মুহূর্তে করাচি টেস্টের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়া ইউসুফ দলের সঙ্গেই অনুশীলন করছেন, ইনজামামও অচিরেই যোগ দেবেন তাদের সঙ্গে। আর খেললে এটা হবে ইনজামামের ১২০তম টেস্ট। সেখানে মাত্র ২০ রান করলেই জাভেদ মিয়াঁদাদকে টপকে তিনি হবেন পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটসম্যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এমএম/১৭৩০ঘ.
bdnews24