ঢাকা, ৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৫ অক্টোবর থেকেই জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে এখন শুরু হবে ১৯ অক্টোবর। তবে ঈদের আগেই প্রস্তুতির সুবিধার্থে বিভাগীয় দলগুলোর জন্য ছয়টি প্র্যাকটিস ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চারটি ভেন্যুতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল এবং জাতীয় ক্রিকেট একাডেমীর সঙ্গে প্র্যাকটিস ম্যাচগুলো খেলবে চারটি বিভাগীয় দল। ভেন্যুগুলো হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম।
চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় দলকে এই প্রস্তুতির আওতায় রাখা হয়নি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "ওই দুটো বিভাগের বেশিরভাগ ক্রিকেটারই চট্টগ্রাম ও সিলেট শহরের। এর আশেপাশে যেহেতু কোনো ভেন্যু আপাতত নেই, তাই ঈদের আগে ওই দল দুটোর ক্রিকেটারদের দূরে এসে খেলার ঝামেলায় ফেলা হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.
bdnews24