২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে যাবে না ইন্দিরা-ব্রাদার্স-সিটি ক্লাব কোনো দলই

ফিকশ্চার অনুযায়ী গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগের প্রথম ম্যাচটা হওয়ার কথা বৃহষ্পতিবার। তবে এই ম্যাচ খেলতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়নের কেউই যাচ্ছে না। মাঠে যাবে না রেলিগেশনের আরেক দল সিটি ক্লাবও। বুধবার সন্ধ্যায় এই তিনটি দল সম্মিলিতভাবে চিঠি দিয়ে রেলিগেশন লিগে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশকে (সিসিডিএম)। তাহলে? সিসিডিএম চেয়ারম্যান গাজী আশরাফ লিপু ব্যবসায়িক কাজে দেশের বাইরে। তার অনুপস্থিতিতে রেলিগেশন লিগ সংক্রান্ত জটিলতা দেখভালের দায়িত্ব পাওয়া শফিকুর রহমান মুন্না বলছেন, "আমরা খেলা আয়োজনের সব বন্দোবস্তই করে রেখেছি। এখন তারা যদি খেলতে না আসে, তাহলে বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, ৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ফিকশ্চার অনুযায়ী গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগের প্রথম ম্যাচটা হওয়ার কথা বৃহষ্পতিবার। তবে এই ম্যাচ খেলতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়নের কেউই যাচ্ছে না। মাঠে যাবে না রেলিগেশনের আরেক দল সিটি ক্লাবও। বুধবার সন্ধ্যায় এই তিনটি দল সম্মিলিতভাবে চিঠি দিয়ে রেলিগেশন লিগে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশকে (সিসিডিএম)। তাহলে? সিসিডিএম চেয়ারম্যান গাজী আশরাফ লিপু ব্যবসায়িক কাজে দেশের বাইরে। তার অনুপস্থিতিতে রেলিগেশন লিগ সংক্রান্ত জটিলতা দেখভালের দায়িত্ব পাওয়া শফিকুর রহমান মুন্না বলছেন, "আমরা খেলা আয়োজনের সব বন্দোবস্তই করে রেখেছি। এখন তারা যদি খেলতে না আসে, তাহলে বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" ওই দুটি দলের সঙ্গে রেলিগেশন লিগে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসা আরেক দল সিটি ক্লাবের ক্রিকেট সম্পাদক জাহানদার রশিদ তুলে ধরছেন বাইলজের অস্পষ্টতা, "বাইলজে বলা আছে কোনো দল 'রিফিউজ টু প্লে' করলে তাদের ১০ হাজার টাকা জরিমানা হবে এবং তারা অটোমেটিক প্রথম বিভাগে নেমে যাবে। কিন্তু দুই দলই খেলতে না গেলে কী হবে, সেবিষয়ে পরিষ্কার কিছু বলা নেই।" তবে এর আগে ওই তিনটি দলের অপেক্ষা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো আইনী নোটিশের জবাব পাওয়ার। গত ১ অক্টোবর তারা সম্মিলিতভাবে 'দুদিনের মধ্যে কেন লিগ স্থগিত করা হবে না' মর্মে জবাব চেয়ে আইনী নোটিশ পাঠায় বিসিবিকে। ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানউদ্দিন আহমেদের দাবি সত্যি হলে তাদের অপেক্ষার অবসান হয়েছে রাত সাড়ে নয়টায়। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "বিসিবির আইনজীবি ও ববি সাহেব (আহমেদ সাজ্জাদুল আলম) মিলে আমাদের আইনজীবির কাছে জবাব পৌছে দিয়ে গেছেন রাত সাড়ে নয়টায়।" কিন্তু বোর্ড সদস্য মুন্না বলেছেন ভিন্ন কথাই, "আমরা তো সেই বিকেলেই জবাব তৈরি করে ওদের আইনজীবির কাছে পাঠিয়ে দিয়েছি।" কোন পক্ষের বক্তব্য যে সত্য, সেটাই এখন প্রশ্ন। তবে প্রশ্ন আছে রেলিগেশনের তিনটি ক্লাবের ভূমিকা নিয়েও। সিটি ক্লাব ও ইন্দিরা রোড আগের বোর্ডের দুই যুগ্ম সম্পাদকের ক্লাব। অভিযোগ আছে তাদের নিজ নিজ দলের অবনমন ঠেকাতেই সেসময় রেলিগেশন লিগ হয়নি। পাঁচ মাস পর না হওয়াটাকে 'অন্যায়' বলে মানতে আপত্তি নেই খোদ সিটি ক্লাব কর্মকর্তা জাহানদারেরও, "আগের বোর্ড রেলিগেশন লিগ না করে অবশ্যই অন্যায় করে গেছে।" ব্রাদার্স সাধারণ সম্পাদকেরও একই কথা, "হ্যা, অন্যায় যেটা হয়েছে সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমাদের।" তাহলে বর্তমান বোর্ডের অসমাপ্ত রেলিগেশন লিগ আয়োজনের মাধ্যমে সেই অন্যায়ের প্রতিকার ব্যবস্থায় কেন তাদের সাড়া নেই? এই প্রশ্ন প্রথমে তাদের কিছুটা বিব্রত করলেও পাল্টা যুক্তিও তৈরি রেখেছেন তারা। মিজানউদ্দিনের কথা, "গত ১ অক্টোবরের সিসিডিএম সভায় আটটি ক্লাব আমাদের সমর্থন দিয়েছে তাদের স্বার্থেই। কারণ ভবিষ্যতে একই অন্যায় তাদের সঙ্গেও হতে পারে। এই বোর্ড একটি অন্যায়ের প্রতিকার নিয়ে উঠেপড়ে লেগেছে ঠিকই। কিন্তু আগের বোর্ডের আরেকটা অন্যায় তারা দিব্যি চেপে গেছে। বাইলজের ১০(বি) ধারা অনুযায়ী কলাবাগান ক্লাবের প্রথম বিভাগে নেমে যাওয়ার কথা।" সিটি ক্লাবের জাহানদার বিস্তারিত জানাচ্ছেন এভাবে, "ইন্দিরা রোডের সঙ্গে কলাবাগান ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। নিয়মানুযায়ী ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদের অটোমেটিক প্রথম বিভাগে নেমে যাওয়ার কথা। কিন্তু ম্যাচ রেফারি তাদের কেবল আর্থিক জরিমানা করেই ছেড়ে দেন। এই অন্যায়টা না হলে এখন রেলিগেশন লিগ করে কেবল একটা দলই নামতো। ইন্দিরা রোডকেও তখন শেষ তিনটা দলের একটা হতে হয় না।" সিসিডিএম সভায় ওই ঘটনার প্রতিকার চাওয়া হয়েছে বলেও দাবি করলেন ব্রাদার্স সাধারণ সম্পাদক। যদি প্রতিকার পান সেক্ষেত্রে তাদের অবস্থান কী হবে? এর জবাবে তিনি বলেন, "আমরা অবশ্যই খেলবো যদি ওই অন্যায়টার প্রতিকার করা হয়।" তা না হওয়া পর্যন্ত না খেলার সিদ্ধান্তে তারা অনড়। তাদের অভিযোগ, না খেলার সিদ্ধান্ত জানিয়ে তিনটি ক্লাবের পাঠানো সম্মিলিত চিঠি নাকি 'ওপরের নির্দেশ আছে' বলে গ্রহণ করতে চাননি সিসিডিএম সদস্য সচিব আবিদ হোসেন। অগত্যা সেই চিঠি সংবাদ মাধ্যমগুলোতে ফ্যাক্স করা হয়। এবিষয়ে আবিদের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.