করাচি, ৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ইনজামাম-উল হক কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? বুধবারের পাকিস্তানের দৈনিক পত্রিকাগুলো যারা পড়েছেন, তারা উত্তর পাওয়ার বদলে আরও বেশি সংশয়ে পড়বেন। কারণ পত্রিকাগুলোর বেশিরভাগ ইনজামামকে সরাসরি উদ্ধৃত না করে জানিয়েছে, লাহোরে দ্বিতীয় টেস্ট খেলেই আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ইনজামাম। কেউ কেউ আরেকটু এগিয়ে এ-ও জানিয়েছে যে ইনজামামের সঙ্গে এ বিষয়ে বোর্ডের একটা চুক্তিও হয়ে গেছে। সে অনুযায়ী বোর্ড তাকে ১০ লাখ রুপিও দেবে পাকিস্তান ক্রিকেটে তার দীর্ঘ অবদানের প্রতিদান হিসেবে। কিন্তু 'ডেইলি এক্সপ্রেস' নামের একটি পত্রিকায় একই দিনে ইনজামাম খবরটা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তার এই মুহুর্তে অবসরের কোনো পরিকল্পনা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এক বিবৃতিতে তাকে ১০ লাখ রুপি দেয়ার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
বেসরকারী টেলিভিশন চ্যানেল জিও টিভি এবং বহুল প্রচারিত উর্দু দৈনিক 'জং' ইনজামামের অবসর পরিকল্পনার খবরটা জানিয়ে বলেছে, বোর্ডের সঙ্গে এ বিষয়ে তার একটা সমঝোতাও হয়ে গেছে। সে অনুযায়ী লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলে টেস্টকে বিদায় জানাবেন ইনজামাম। সসম্মানে বিদায়ও হবে তার এবং আর ২০ রান করে জাভেদ মিয়াদাদকে টপকে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের মালিক হওয়ার সুযোগটাও তিনি পাবেন। অন্যান্য পত্রিকাগুলোতেও প্রায় একই ধরনের খবর, যার কোন-কোনটিতে সমঝোতা চুক্তি অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ককে ১০ লাখ রুপি দিতেও রাজি হয়েছে। কিন্তু কোনোটাতেই ইনজামামের সরাসরি কোনো উদ্ধৃতি নেই।
উদ্বৃতি আছে একটি পত্রিকায়। সেই ডেইলি এক্সপ্রেস পত্রিকার খবর আবার উল্টা। ''আমার অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি লাহোরে দ্বিতীয় টেস্ট খেলতে চাই এবং নির্বাচকদের সেটা জানিয়েও দিয়েছি''-- তাদেরকে বলেছেন ইনজামাম। এরপর কথা থাকার কথা নয়, কিন্তু আছে। কারণ সেই পত্রিকাই একইসঙ্গে তার অবসরের পরিকল্পনা নিয়েও একটা খবর ছেপেছে।
ইনজামাম নিয়ে জলঘোলা হচ্ছে অনেকদিন। বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ওয়ানডে থেকেও অবসর নিয়ে নেন তিনি, কিন্তু একইসঙ্গে জানিয়ে দেন আরও কিছুদিন টেস্ট খেলতে চান তিনি। কিন্তু পিসিবির নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবার ভারতীয় বিদ্রোহী লিগ আইসিএল-এ সই করেন। তাতে পিসিবির যে অবস্থান সে অনুযায়ী তার নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু পাকিস্তান বোর্ড তেমন কোনো সিদ্ধান্ত না নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেয় তাকে। ইনজামাম অবশ্য শেষমুহূর্তে সরে দাঁড়ান টেস্ট থেকে। তারপর এই অবসর সংক্রান্ত খবরাখবর। সেই খবরগুলো এমন ডালপালা ছড়িয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও আর চুপ থাকতে পারেনি। তারা অবশ্য তাদের বিবৃতিতে অবসরের বিষয়টা এড়িয়ে গিয়ে তাদের টাকা দেয়ার বিষয়টা অস্বীকার করেছে। ''ইনজামামকে বোর্ডের পক্ষ থেকে ১০ লাখ রুপি দেয়ার যে খবর সেটা পুরোপুরি মিথ্যা''--- জানানো হয়েছে বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে।
কিন্তু তার অবসরের গুজবটাও কি সেরকম মিথ্যা? বোর্ড রহস্যটা শেষ না করে বলছে,''আগামী কয়েকদিনের মধ্যেই ইনজামামের ভবিষ্যৎ বিষয়ে একটা ঘোষণা দেয়া হবে।''
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৫৫ঘ.
bdnews24