ঢাকা, ৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ভিসা জটিলতায় নাঈমুর রহমান যেতে পারেননি। না হলে ১০ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেন তিনিই। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) উপস্থিতি না থাকলেও ওই সভায় তাদের সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে ঠিকই। সেখানকার সম্মিলিত সিদ্ধান্ত, ঢাকায় এসে কোয়াবের কার্যক্রম নিজচোখে দেখে যাবেন ফিকার প্রধান নির্বাহী কর্মকর্তা টিম মে। এবং তারপর তার দেওয়া রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে কোয়াব ফিকার সদস্যপদ পাবে কী পাবে না। এজন্যই শিগগিরই অস্ট্রেলিয়ার সাবেক অফস্পিনার টিম মে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন কোয়াবের অস্থায়ী পরিচালনা কমিটির আহবায়ক দেবব্রত পাল।
"টিম মে'র সঙ্গে আমি নিয়মিত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ রাখছি। তিনি ১০-১৫ অক্টোবরের মধ্যে ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু সেসময় ঈদ উৎসব চলবে। তাই তাকে এখানে আসার তারিখ আরেকটু পিছিয়ে দিতে অনুরোধ করি। তিনি তখন আমাকে জানান নভেম্বরের কোনো এক সময়ে আসবেন। ১ নভেম্বর আসার তারিখটা ই-মেইল করে জানাবেন"- বলেছেন দেবব্রত।
আসন্ন জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগীয় দলের হয়ে খেলতে যাওয়া এই পেসার এটাও জানাতে ভুললেন না,"দুর্জয় (নাঈমুর) ভাই সময়মতো ভিসা না পাওয়ায় আমরা টিম মে'কে অনুরোধ করেছিলাম, তিনি যেন এজিএমে আমাদের প্রতিনিধিত্ব করেন। তিনি সেটা করেছেন। ওই এজিএমে সংস্থার ভাইস প্রেসিডেন্ট কোর্টনি ওয়ালশ এবং শ্রীলঙ্কান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহেলা জয়াবর্ধনেসহ বিখ্যাত আরো অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন। তাদের সবার কাছ থেকেই আমাদের কার্যক্রম দেখে গিয়ে রিপোর্ট দেওয়ার পরামর্শ এসেছে।"
অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্ট ও ৪৭ ওয়ানডে খেলে যথাক্রমে ৭৫ এবং ৩৯টি উইকেট পাওয়া টিম মে বাংলাদেশে আসলে তাকে মাঠে নিয়ে জাতীয় লিগের খেলা দেখানোরও পরিকল্পনা আছে কোয়াবের, "নভেম্বরে পুরোদমে চলবে জাতীয় লিগ। তখন তাকে আমাদের কার্যক্রম দেখানোর পাশাপাশি মাঠে নিয়ে জাতীয় লিগের খেলা দেখানোরও ইচ্ছে আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬১০ঘ.
bdnews24