২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ

একটি নয়, পাঁচ-পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে। আর সেগুলোর জবাব দিতে এই সপ্তাহের শেষভাগে শোয়েব আখতারকে হাজির হতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক শুনানিতে। ডিসিপ্লিনারি কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই পাবেন তিনি, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এবার আর ছাড় দেয়ার মানসিকতা নিয়ে দেখা হবে না তার অপরাধগুলোকে। মানে যথাযথ বিচার এবং তাতে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তানী এই ফাস্ট বোলারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

করাচি, ২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---একটি নয়, পাঁচ-পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে। আর সেগুলোর জবাব দিতে এই সপ্তাহের শেষভাগে শোয়েব আখতারকে হাজির হতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক শুনানিতে। ডিসিপ্লিনারি কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই পাবেন তিনি, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এবার আর ছাড় দেয়ার মানসিকতা নিয়ে দেখা হবে না তার অপরাধগুলোকে। মানে যথাযথ বিচার এবং তাতে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তানী এই ফাস্ট বোলারকে। একজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ ওঠা বিস্ময়কর, কিন্তু ব্যক্তির নাম যখন শোয়েব আখতার তখন বিস্ময়টা আর থাকে না। তার মধ্যে সবচেয়ে বড় অপরাধটি করেছেন দক্ষিণ আফ্রিকায়, সেখানে সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে আঘাত করায় দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয় তাকে। কিন্তু সেটাই একমাত্র অপরাধ নয়। পাকিস্তান বোর্ড সূত্রে জানা গেছে এর সঙ্গে আরও চারটি অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেগুলো হল-কোড অব কন্ডাক্ট ভঙ্গ, পিসিবির অনুমতি ছাড়া ইংল্যান্ডে প্রদর্শনী ম্যাচ খেলা, সতীর্থ শহীদ আফ্রিদির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য এবং দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করা। এসব কিছুরই সন্তোষজনক ব্যখ্যা দিতে হবে শোয়েবকে। ''তাকে অভিযুক্ত করার জন্য আমরা ব্যস্ত বিষয়টা একরম নয়, কিন্তু শৃঙ্খলার বিষয়ে আমাদের বর্তমান অবস্থান খুবই দৃঢ়। সেই দৃঢ়তাটা আমরা এখানেও দেখাব''- শোয়েবের বিরুদ্ধে এতগুলো অভিযোগ আনার কারণটা এভাবেই ব্যখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শাফকাত নাগমী। শুনানির জন্য গঠিত কমিটি শোয়েবের পাশাপাশি শুনবে আসিফ এবং আফ্রিদির বক্তব্য। তারপর তারা তাদের সিদ্ধান্ত জানাবে ৮ অক্টোবর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৫০ঘ.