২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন শেষেই ব্যাকফুটে পাকিস্তান

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সাফল্যজনিত সুখস্মৃতি নিয়ে করাচি টেস্টে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু প্রথম টেস্টের দু দিন যেতে না যেতেই তাদের সেই আনন্দের স্মৃতি উধাও হওয়ার জোগাড়! মঙ্গলবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১২৭ রান নিয়ে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৫০ রানের চেয়ে তারা এখনো ৩২৩ রানে পিছিয়ে। ফলো অন এড়াতেই প্রয়োজন ১২৪ রান। অথচ পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আগের দিনের খেলা শেষে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে সহ-অধিনায়ক সালমান বাটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

করাচি, ২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সাফল্যজনিত সুখস্মৃতি নিয়ে করাচি টেস্টে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু প্রথম টেস্টের দু দিন যেতে না যেতেই তাদের সেই আনন্দের স্মৃতি উধাও হওয়ার জোগাড়! মঙ্গলবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১২৭ রান নিয়ে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৫০ রানের চেয়ে তারা এখনো ৩২৩ রানে পিছিয়ে। ফলো অন এড়াতেই প্রয়োজন ১২৪ রান। অথচ পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আগের দিনের খেলা শেষে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে সহ-অধিনায়ক সালমান বাটকে। মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে 'মেক শিফট' ওপেনার কামরান আকমল কিন্তু সালমানকে না পাওয়ার দুঃখ বুঝতেই দেননি দলকে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টির আমেজ নিয়ে আসা আকমলের ব্যাট শুরু থেকেই ছিল উন্মাতাল। ৫টি বাউন্ডারিতে ৩৭ বলে ৪২ রান করা পাকিস্তান উইকেট কিপারকে এলবিডব্লু করে দলকে ব্রেক থ্রু এনে দেন পল হ্যারিস। তবে শভা আগেই উদ্বোধনী জুটিতে উঠে গেছে ৭১ রান। কিন্তু এর পরই একের পর এক উইকেট পতন ভীষণ অস্বস্তিতে ফেলে দেয় তাদেরকে। অন্য ওপেনার হাফিজও হ্যারিসের বাঁহাতি স্পিনের শিকার। ৩৪ রান করে তিনি দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন ক্যালিসকে। দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনারকে ধ্বংসযজ্ঞে মেতে উঠতে দেখে পেসাররাও চুপচাপ বসে থাকেননি। প্রথমে ইউনিস খানকে (৬) বোল্ড করেছেন আন্দ্রে নেল। পরের ব্যাটসম্যান ফয়সাল ইকবালও (৭) বোল্ড, তবে তার উইকেটটা প্রোটিয়াদের ব্যাটিং-হিরো ক্যালিসের। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তখন রীতিমতো বিপর্যস্ত। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাট করা মিসবাহ-উল হককে সঙ্গে বিপর্যয়টা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন অধিনায়ক শোয়েব মালিক। মিসবাহও খেলছিলেন আস্থার সঙ্গেই। তবে ২৩ রান করে ডেল স্টেইনের বলে কট বিহাইন্ড দলকে আবার বিপদে ফেলে দেন তিনি। দিনশেষে মালিক ব্যাট করছিলেন ৯ রান নিয়ে। ১ রান নিয়ে তার সঙ্গে ছিলেন অভিষিক্ত আব্দুর রেহমান। এর আগে এই বাঁহাতি স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সই দক্ষিণ আফ্রিকাকে সংগ্রহটাকে আরও বড় হতে দেয়নি। ৩ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা প্রথম ধাক্কা খেয়েছে ক্যালিসকে হারানোর মাধ্যমে। প্রথম দিনশেষে ১১৮ রানে অপরাজিত ক্যালিসকে কট বিহাইন্ড করে পাকিস্তানকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন দানিশ কানেরিয়া। বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের ১৫৫ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ১৯টি। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সও কিছুক্ষণ পর আউট। ৩৬ রান করা প্রিন্সের রিটার্ন ক্যাচ নিয়ে টেস্টে ২০০ উইকেট পূর্ণ করেছেন কানেরিয়া। এর পরই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন আব্দুর রেহমান। বাঁ হাতি স্পিনে একে একে ফিরিয়ে দিয়েছেন মার্ক বাউচার (১), আন্দ্রে নেল (২), পল হ্যারিস (১) ও ডেল স্টেইনকে (০)। এক মাত্র এবি ডিভিলিয়ার্সই তার ঘুর্ণিতে বিপর্যস্ত হননি। ৭৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসাবে উমর গুলের বলে বোল্ড হয়েছেন তিনি। প্রথম দিন একটিও উইকেট পাননি রেহমান। তবে মঙ্গলবার ১০৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে তিনিই পাকিস্তানের সেরা বোলার। গুল ও কানেরিয়া নিয়েছেন দুটি করে উইকেট। রেহমানের জন্যই ৫৮ রানে শেষ ৫ উইকেট হারাতে হয়েছে গ্রায়েম স্মিথের দলকে। তার পরও সব মিলিয়ে করাচি টেস্টের দ্বিতীয় দিনটাও ভালই কেটেছে প্রোটিয়াদের। যদিও তাদের দিনটা শুরু করতে হয়েছিল একটা দুঃসংবাদ দিয়ে। বাঁ পায়ের হাড়ে চিড় ধরায় মর্নে মরকেলের পাকিস্তান সফর শেষ। ফিরে যাচ্ছেন তিনি দেশে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.