কোচি, ভারত, ২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হট ফেভারিট হয়েও টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছিল ভারতের কাছে হেরে। এবারের ভারত সফরের ৭টি ওয়ানডে তাই বিশ্ববিজয়ীদের কাছে প্রতিশোধ আর সম্মান পুনরুদ্ধারের লড়াই। প্রথম ম্যাচে ৩০৭ রান করলেও তাদের জয়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তবে মঙ্গলবার বিশ্বসেরাদের জয়রথ প্রকৃতি কিংবা প্রতিপক্ষ কেউই থামাতে পারেনি। ৮৪ রানে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে অস্ট্রেলিয়া এখন ১-০ তে এগিয়ে। প্রথমে ব্যাট করে অ্যান্ড্রু সাইমন্ডস (৮৭) ও ব্র্যাড হ্যাডিনের (অপঃ ৮৭) ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটে ৩০৬ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারত ৪৭ দশমিক ৩ ওভারে ২২২ রান করে অলআউট হয়ে যায়।
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে রিকি পন্টিং শেষ পর্যন্ত খেলতে পারেননি। মহেন্দ্র ধোনির সঙ্গে তাই টস করতে নামতে হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টকে। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা কিন্তু মোটেও ভাল হয়নি। জহির খানের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে গিলক্রিস্ট (০) ক্যাচ দিয়েছেন টেন্ডুলকারকে। তিন নম্বরে নামা ব্র্যাড হজ আবারো ব্যর্থ। ৩ রান করা হজকে কট বিহাইন্ড করেছেন শ্রীশান্ত। ৮ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া প্রাথমিক ধাক্কা সামলেছে হেইডেন ও মাইকেল ক্লার্কের ৫৮ রানের জুটিতে। তবে আগের ম্যাচে ১৩০ রানের অসাধারণ এক ইনিংস খেলা ক্লার্ক বেশি কিছু করতে পারেননি। ২৭ রান করে স্টাম্পড হয়েছেন ইরফান পাঠানের বলে।
প্রথম ম্যাচে ৭ রানের বেশি করতে পারেননি সাইমন্ডস। সেটা পুষিয়ে দিয়েছেন ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলে। প্রথমে হেইডেনকে নিয়ে গড়েছেন ৯৪ রানের জুটি। ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৫ রান করে পাঠানের বলে হেইডেন বোল্ড হলেও তা দমাতে পারেনি সাইমন্ডসকে। ৮৩ বলে ৮৭ রান করার পথে দুটি ছক্কা ছাড়াও ৯টি বাউন্ডারি মেরেছেন ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান। হ্যাডিনের সঙ্গে তার ১০৮ রানের জুটিটাই দলের তিন শতাধিক রানের ভিত গড়ে দিয়েছে।
শ্রীশান্তকে রিটার্ন ক্যাচ দিয়ে সাইমন্ডস ফিরে যাওয়ার পর একাই দলকে টেনে নিয়ে গেছেন হ্যাডিন। তার মাত্র ৬৯ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসটা সাজানো ৩টি ছক্কা ও ৮টি বাউন্ডারিতে। ৩ উইকেট নিলেও ৯ ওভারে ৬৭ রান খরচ করেছেন 'লোকাল হিরো' শ্রীশান্ত। ১০ ওভারে ৪৭ রান দেয়া পাঠানের শিকার দুই উইকেট।
কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের উইকেট দুপুরের পর থেকেই বেশ ধীর হয়ে যায়, বল ব্যাটে আসে থেমে থেমে। তার ওপরে লক্ষ্যটাও বেশ বড়
bdnews24