২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোনোভাবেই রেলিগেশন লিগ বাতিলে রাজি নয় সিসিডিএম

রেলিগেশন লিগের বিষয়ে কর্তৃপক্ষের অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়া হয়েছে ক্লাবগুলোকে। একইসঙ্গে অবশ্য ক্লাবগুলোর সুবিধার্থে কিছু ছাড়ও দিতে তৈরি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। এখন ক্লাবগুলো সেই সুবিধা নিয়ে কিছুটা সময় পেতে পারে, কিন্তু কোনোভাবেই তাদের রেলিগেশন লিগ বাতিলের দাবি মেনে নেয়া হবে না। সোমবার সিসিডিএম-এর জরুরী বৈঠকের পর সিসিডিএম প্রধান গাজী আশরাফ লিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সেটা জানিয়েছেন আবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, ১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---রেলিগেশন লিগের বিষয়ে কর্তৃপক্ষের অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়া হয়েছে ক্লাবগুলোকে। একইসঙ্গে অবশ্য ক্লাবগুলোর সুবিধার্থে কিছু ছাড়ও দিতে তৈরি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। এখন ক্লাবগুলো সেই সুবিধা নিয়ে কিছুটা সময় পেতে পারে, কিন্তু কোনোভাবেই তাদের রেলিগেশন লিগ বাতিলের দাবি মেনে নেয়া হবে না। সোমবার সিসিডিএম-এর জরুরী বৈঠকের পর সিসিডিএম প্রধান গাজী আশরাফ লিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সেটা জানিয়েছেন আবার। সিটি ক্লাব, ইন্দিরা রোড এবং ব্রাদার্স ইউনিয়ন এই তিন দলের মধ্যে হওয়ার কথা রেলিগেশন লিগ, যার মধ্য থেকে নীচের দুটো দল নেমে যাবে প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে। কিন্তু দলগুলো নানা অজুহাতে রেলিগেশন লিগ খেলতে চাইছে না। বাতিলের আবেদনও জানিয়েছে তারা। কিন্তু সিসিডিএম কোনোভাবেই তাদের এই দাবি মানতে রাজি নয়। মূলত তাদের রাজি করাতেই সোমবার ডাকা হয়েছিল সিসিডিএম-র জরুরী সভা। সেই সভায় উপস্থিত প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের প্রতিনিধিদের সিংহভাগই তাদের পক্ষে ছিল, ৮ টি ক্লাব দাবি মেনে নিয়ে বিকল্প ব্যবস্থায় এবার লিগ আয়োজনের প্রস্তাব দেয়। প্রস্তাবটা হলো এ বছর লিগ হবে ১৪টি দল নিয়ে এবং তাদের মধ্যে ৪টি দলকে রেলিগেটেড করা হবে লিগ শেষে। কিন্তু এই প্রস্তাবে সায় দেয়নি মোহামেডান, আবাহনী এবং কলাবাগান। সিসিডিএম প্রধান গাজী আশরাফ লিপুও সংখ্যাগরিষ্ঠ ক্লাবের এই মনোভাবের সঙ্গে একমত হতে পারেননি। ''আমরা তাদের বলেছি তারা যদি আবেদন করে তাহলে তাদের দিকটা দেখে লিগটা আমরা কিছুদিন পিছিয়ে দিতে পারি। তা না করলে লিগ আয়োজন আমরা করবোই। কেউ অংশ না নিলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে''--- সভা শেষে নিজেদের অবস্থান এভাবেই ব্যাখ্যা করলেন লিপু। এখনকার সূচী অনুযায়ী বৃহস্পতিবার থেকেই শুরু হওয়ার কথা রেলিগেশন লিগ। সেটা পেছাতে চাইলে ক্লাবগুলোকে লিগ পেছানোর আবেদন করতে হবে এর আগেই। তারা সেটা করলে সমস্যার সমাধান একরকম হয়েই গেলো, তা না হলে পরিস্থিতি জটিল হবে আরো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.