২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার লিগে 'আইপিএলের রাজত্ব'

দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেন হয়ে যাচ্ছে ‘দ্বিতীয় আইপিএল।’ ছয় দলেরই মালিকানা কিনে নিয়েছে ভারতীয় টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 05:40 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বুধবার টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকানা ঘোষণা করে। আগামী জানুয়ারিতে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।

দক্ষিণ আফ্রিকার লিগটির ছয় দলের মালিকানা পেতে ২৯ প্রতিষ্ঠান আগ্রহী ছিল। সব শর্ত পূরণ করে বাকিদের পেছনে ফেলে দেয় আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিনে নিয়েছে কেপ টাউনের মালিকানা। ডারবানের মালিকানা কিনে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ফ্র্যাঞ্চাইজি আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড।

সানরাইজার্স হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি মালিক সান টিভি নেটওয়ার্ক লিমিটেড কিনেছে গেবেখার মালিকানা। চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড কিনেছে জোহানেসবার্গের মালিকানা।

পার্লের মালিকানা কিনেছে রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি রয়্যালস স্পোর্টস গ্রুপ। প্রিটোরিয়ার মালিকানা কিনেছে জেএসডব্লিউ স্পোর্টস, যারা আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক।

দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। উদ্বোধনী আসরের জন্য অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে অংশ এই সিরিজে না খেলায় প্রোটিয়াদের সরাসরি বিশ্বকাপে যাওয়া ঝুঁকির মুখে পড়ে গেছে।