২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরে আবারও বাংলাদেশের সব ম্যাচ হারারেতে

চূড়ান্ত হলো বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের সূচি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের গোটা সিরিজ এবারও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 08:32 PM

Updated : 22 Jul 2022, 03:58 AM

জুলাই-অগাস্টে দেশের মাটিতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সূচি মঙ্গলবার প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বাংলাদেশের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ ও ৩১ জুলাই এবং ২ অগাস্ট হবে ম্যাচ তিনটি। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ওয়ানডে তিনটি হবে ৫, ৭ ও ১০ অগাস্ট। প্রতিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় এই সিরিজ।

এই সফরের দল এখনও ঘোষণা করেনি বিসিবি। সফর থেকে আগেই ছুটি নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত বছরের মাঝামাঝিও জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পুরো সিরিজ সেবারও হয়েছিল হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

সেবার একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে ৩-০ তে জিতেছিল বাংলাদেশ, যেটি ছিল ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল তারা ২-১ ব্যবধানে।