দেশের বাইরে সাফল্যের পথ দেখালেন ওয়াসিম জাফর
দেশের মাটিতে খেলে গেলে শুধু একটা ধরনেই অভ্যস্থ হবেন ক্রিকেটাররা। এতে রুদ্ধ হবে তাদের উন্নতির পথ। ভিন্ন কন্ডিশনে গেলেই শুরু হবে ভোগান্তি। বাংলাদেশের যুব ক্রিকেটারদের এমন পরিস্থিতিতে দেখতে চান না ওয়াসিম জাফর।
বিসিবির ডেভেলপমেন্ট কোচ বললেন, বিভিন্ন কন্ডিশনে উন্নতির জন্য ক্রিকেটারদের নিয়ে যেতে চান ‘কমফোর্ট জোন’ এর বাইরে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট লয়ের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাফরও। বিসিবির ব্যাটিং কোচ হিসেবে অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ টাইগার্স, এইচপিসহ নানা জায়গায় কাজ করবেন ভারতের হয়ে ৩১ টেস্ট খেলা সাবেক ওপেনার।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে জাফরের। এখানে কোচিংও করিয়েছেন। তাই নিজের চ্যালেঞ্জ, উন্নতির জন্য ক্রিকেটারদের চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তার।
“তারা (বাংলাদেশের) এই কন্ডিশনে বেশি খেলে থাকে, তাই তারা এটিতে অভ্যস্ত। তারা যেহেতু স্পিনারদের বেশি মোকাবিলা করছে তাই স্পিনারদের বিপক্ষে ভালো খেলাই স্বাভাবিক। ভারতের ক্ষেত্রেও এটি হয়ে থাকে। তবে তারা যত বাইরে সফর করবে, সেসব কন্ডিশনে খেলবে, গতিময় কন্ডিশনে... তারা স্বাভাবিকভাবেই এর সঙ্গে মানিয়ে নেবে।”
“নিয়মিত সফর করা, সেসব কন্ডিশনে খেলাই সমাধান হতে পারে। আমি এটিই বোঝাতে চেয়েছি। যখন আমরা জেনে যাব বিশ্বকাপটা কোথায় হবে, আমরা তখন সেভাবে পরিকল্পনা সাজাতে পারব। সেসব কন্ডিশনে যাওয়া, ছেলেদের এর সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যবস্থা করা যাবে। পুরো বিষয়টিই হলো সেসব কন্ডিশনের জন্য ছেলেদের প্রস্তুত করা।”
জাফর মনে করেন, যুব ক্রিকেটারদের সব কন্ডিশনের জন্য তৈরি করা গেলে শেষ পর্যন্ত এর সুবিধা পাবে জাতীয় দল।
“ছেলেরা নিজেদের কমফোর্ট জোন থেকে যত বের হবে, তারা ততই ভালো খেলবে। আমি যেমনটা বললাম, আপনি এই কন্ডিশনে খেললে এই নির্দিষ্ট পরিবেশেই নিজেকে মানিয়ে নেবেন। আমি যেটা বিশ্বাস করি, অনূর্ধ্ব-১৯ দল ভালো করলে জাতীয় দলও ভালো করবে।”
“একটা প্রতিযোগিতা চলে আসে। তাই এই ছেলেদের নিয়ে আমাদের দায়িত্ব হলো তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত করা এবং এখানে পারফর্ম করার পাশাপাশি পরবর্তী ধাপে খেলার জন্য তৈরি করা। আমাদের জন্য এটি চ্যালেঞ্জ হবে।”
আপাতত ৪০ জন খেলোয়াড়কে ক্যাম্পে পাচ্ছেন জাফর। তাদের দেখার পর, শক্তি-দুর্বলতা স্পষ্টভাবে বোঝার পর উন্নতির পথ বের করবেন।
“এটি দীর্ঘ প্রক্রিয়া। এই অনূর্ধ্ব-১৯ ছেলেদের প্রথমে এখানের জন্য তৈরি করা এবং পরের ধাপের জন্যও প্রস্তুত করা, দীর্ঘ প্রক্রিয়া। আশা করি, আমরা দুজন এবং অন্য স্টাফরা মিলে তাদের ভালো ক্রিকেটার, ভালো মানুষ হিসেবে সামনে এগিয়ে দিতে পারব।”
