২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব পড়ল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। মাঠে গড়ানোর দুই সপ্তাহ বাকি থাকতে স্থগিত হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 08:39 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

এলপিএলের তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয় কিছুদিন আগে। পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলে টানে দেশি-বিদেশি খেলোয়াড়দের। আগামী ১ অগাস্ট টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রস্তুতি চলছিল জোরেশোরে।

কিন্তু টুর্নামেন্টের স্বত্ব পাওয়া ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ এফজেডই (আইপিজি) এর অনুরোধে আসর স্থগিত করার কথা রোববার বিবৃতিতে জানায় শ্রীলঙ্কা ক্রিকেট।      

এলপিএল স্থগিত হওয়া শ্রীলঙ্কা ক্রিকেটের পাশাপাশি দেশটির দর্শকদের জন্য বড় ধাক্কা। চলমান পাকিস্তান সিরিজের পর লম্বা সময় দ্বীপ দেশটিতে বড় ধরনের ক্রিকেট দেখা যাবে না।

দেশটি থেকে সরে যেতে পারে এশিয়া কাপও। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।