২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রশ্নে বিসিবি সভাপতি বললেন, ‘কঠিন প্রশ্ন’

‘মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে কি আপনারা সন্তুষ্ট?’, সংবাদ সম্মেলনে সরাসরি এই প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কোনো উত্তর যেন খুঁজে পাচ্ছিলেন না তিনি। কিছুক্ষণ ইতস্তত করে অস্ফুট স্বরে বললেন, “এটা তো কঠিন প্রশ্ন…।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 08:28 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

শেষ পর্যন্ত সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি নাজমুল হাসান। তবে বিসিবিতে রোববার বোর্ড সভা শেষে তিনি জানান, মাহমুদউল্লাহ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর তার সঙ্গে কথা বলবেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে। যদিও বিসিবি প্রধান পাশাপাশি বলে দিলেন, নেতৃত্বে বদল আনলেই এই সংস্করণে বাংলাদেশ দলের অবস্থার পরিবর্তন হবে বলে নিশ্চিত নন তিনি।

গত বিশ্বকাপ থেকে টি-টোয়েন্টিতে টানা ধুঁকছে বাংলাদেশ দল। প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে ওই আসর শুরু করে মাহমুদউল্লাহর দল। পরে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূল পর্বে উঠলেও সেখানে হারতে হয় সব ম্যাচ। সেই হারের বলয়ে দল চক্কর কাটছে এখনও। সবশেষ ১৩ ম্যাচে বাংলাদেশের জয় স্রেফ ১টি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নাজুক অবস্থা অবশ্য বরাবরই। তবে মাহমুদউল্লাহকে নিয়ে বেশি প্রশ্ন ওঠার কারণ, তার নিজের ফর্মের যাচ্ছেতাই অবস্থা। সবশেষ এই ১৩ ম্যাচে কোনো ফিফটি নেই তার, সর্বোচ্চ ইনিংসটি ৩১ রানের। এই সময়ে ১৮২ রান করেছেন স্রেফ ১৬.৫৪ গড় ও ১০০.৫৫ স্ট্রাইক রেটে।

দলের বাজে পারফরম্যান্সের জন্য তাই কাঠগড়ায় তোলা হচ্ছে অধিনায়ককে। নিজের ফর্মের এই অবস্থায় দলকে কতটা উজ্জীবিত করতে পারছেন, সেই সংশয় তো আছেই। দলে তার জায়গা প্রাপ্য কিনা, এই প্রশ্নও যৌক্তিক হয়ে উঠছে দিন দিন।

বিসিবি সভাপতি এই প্রসঙ্গে উদাহরণ দিলেন ব্যাটিং ফর্মের কারণেই নেতৃত্ব হারানো মুমিনুল হকের কথা।

“এটা তো কঠিন প্রশ্ন (মাহমুদউল্লাহর নেতৃত্বে সন্তুষ্ট কিনা)… আসলে ব্যাপারটা ঠিক তা নয়। মুমিনুলের অধিনায়কত্ব নিয়েও আমাদের কখনো অসন্তুষ্টি ছিল না। রান পাচ্ছিল না, সেজন্য ওখানে পরিবর্তন করা হয়েছিল। মাহমুদউল্লাহকে নিয়ে বেশি কথা হচ্ছে কারণ একটাই, ও নিজে রান পাচ্ছে না বলে। আসল সমস্যাটা এখানে। আমার মনে হয়, ও রান পেলেই সব ঠিক হয়ে যাবে।”

নেতৃত্বে পরিবর্তন আনলে দলের ভাগ্য পরিবর্তনের আশা খুব একটা নেই, পরিষ্কার করেই বলে দিলেন বিসিবি সভাপতি।

“টি-টোয়েন্টিতে হঠাৎ করে কিছু একটা পরিবর্তন করলে আহামরি কিছু পরিবর্তন আসবে কিনা, আমরা তা নিশ্চিত নই। দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে আমাদের। যা-ই করি না কেন, আমাদেরকে অবশ্যই আলাপ করে নিতে হবে। দল এখনও আসেনি। আসার পর আলাপ আলোচনা করে দেখব।”

“আমাদের আসলে বসতে হবে। অধিনায়ক আসবে, ওদের সঙ্গে বসে আলাপ তো করতে হবে, ওরা কী বলে। এই মুহূর্তে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতেও এই মাস চলে যাবে।”

এই মাসের শেষে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল। বিসিবি যদি সিদ্ধান্ত নিতে এক মাস লেগে যায়, তাহলে জিম্বাবুয়েতেও মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন, তা অনেকটা নিশ্চিতই।

জিম্বাবুয়ে সফরের পর বিশ্বকাপের বাকি থাকবে আর কেবল দুই মাস। বিশ্ব আসরের এত কাছে গিয়ে নেতৃত্বে বদল আনা উচিত কিনা, সেটি নিয়েও সংশয় নাজমুল হাসানের কণ্ঠে।

“একে তো খেলাটা (বিশ্বকাপ) অস্ট্রেলিয়ায়, সব অধিনায়কের জন্যই কঠিন। আমাদের যেহেতু এটা দুর্বল দিক (টি-টোয়েন্টি)…অধিনায়ক পরিবর্তন করলেই যে আহামরি পরিবর্তন আসবে, এরকম বিশ্বাস আসেনি আমাদের। আহামরি পরিবর্তন আপনি দুই তিন মাসে আনতেও পারবেন না।”