জয়াসুরিয়ার রেকর্ডের দিনে বাবরের দুর্দান্ত সেঞ্চুরি
গল টেস্টের দ্বিতীয় দিন যেন ছিল প্রবাথ জয়াসুরিয়া ও বাবর আজমকে ঘিরে। রেকর্ড গড়া বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন জয়াসুরিয়া। লঙ্কান বাঁহাতি স্পিনারের ছোবলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে একাই টানলেন বাবর। ধৈর্যশীল ব্যাটিং ও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পাকিস্তান অধিনায়ক উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
২ উইকেটে ২৮ রান নিয়ে রোববার দিন শুরু করা পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২১৮ রানে। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিমুথ করুনারত্নেকে হারিয়ে ৩৬ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। এগিয়ে তারা ৪০ রানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসেই ৬ উইকেট করে নেওয়া জয়াসুরিয়া এবার নিলেন পাঁচ উইকেট। ৮২ রান খরচায় ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার তিনিই। সঙ্গে গড়েন অনন্য এক কীর্তি। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই অন্তত পাঁচটি করে উইকেট নিলেন তিনি।
ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তানের রান দুইশ ছাড়ায় বাবরের অসাধারণ দৃঢ়তায়। চারে নেমে নিয়মিত উইকেট হারানো দলের এক প্রান্ত আগলে রেখে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। খেলেন ১১৯ রানের ইনিংস। ২৪৪ বল ও ৩১১ মিনিট স্থায়ী তার ইনিংসটি গড়া ২ ছক্কা ও ১১ চারে।
পাকিস্তানের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবর। সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের সঙ্গে যৌথভাবে ৯টি শতক হলো তার। রেকর্ডটি এখন বাবরের নিজের করে নেওয়া কেবলই সময়ের ব্যাপার।
বৃষ্টি বাধায় দেরিতে খেলা শুরু হলে দিনের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। জয়াসুরিয়া এলবিডব্লিউ করে দেন অভিজ্ঞ আজহার আলিকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক।
কট বিহাইন্ড হয়ে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। অভিষিক্ত আগা সালমানকে এলবিডব্লিউ করার কয়েক ওভার পর টানা দুই বলে মোহাম্মদ নওয়াজ ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জয়াসুরিয়া।
স্পিনার-পেসার মিলিয়ে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল ইংলিশ পেসার টম রিচার্ডসন ও অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটের। এই তালিকায় এবার উঠল জয়াসুরিয়ার নাম।
৮৫ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় তখন পাকিস্তান। লেজের ব্যাটসম্যানদের নিয়ে দলের হাল ধরেন বাবর। ইয়াসির শাহর সঙ্গে ২৭, হাসান আলির সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন তিনি।
শেষ উইকেটে বাবরকে দারুণ সঙ্গ দেন নাসিম শাহ। দুইজনে গড়েন ৭০ রানের জুটি। যেখানে নাসিমের অবদান ৫২ বলে ৫ রান, আর বাবর করেন ১৩৩ বলে ৬৪।
বাবর ৯৮ বলে ফিফটি স্পর্শ করে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ২১৬ বলে। ৭ টেস্ট সেঞ্চুরির মধ্যে যা তার মন্থরতম। আগেরটি ছিল ২১৫ বলে, নিউ জিল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে ২০১৮ সালে।
মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় বাবরের লড়াকু ইনিংস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পাকিস্তান অধিনায়ক।
দায়িত্বশীল এই ইনিংসের পথে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান তো বটেই, এশিয়ার দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান স্পর্শ করেন বাবর। এই মাইলফলকে পা দিতে বাবরের লেগেছে ২২৮ ইনিংস। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে এতদিন কীর্তিটি ছিল ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদের, ২৪৮ ইনিংস। আর এশিয়ানদের মধ্যে ভারতের বিরাট কোহলি, ২৩২ ইনিংস।
এগিয়ে থেকে শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে মাঠ ছাড়তে পারেনি শ্রীলঙ্কা। নওয়াজের বাঁহাতি স্পিনে এলবিডব্লিউ হয়ে ফিরে যান লঙ্কান অধিনায়ক করুনারত্নে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২২
পাকিস্তান ১ম ইনিংস: ৯০.৫ ওভারে ২১৮ (আগের দিন ২৪/২) (আজহার ৩, বাবর ১১৯, রিজওয়ান ১৯, সালমান ৫, নওয়াজ ৫, আফ্রিদি ০, ইয়াসির ১৮, হাসান ১৭, নাসিম ৫*; রাজিথা ১১-২-৪২-১, থিকশানা ২৫.৫-৬-৬৮-২, জয়াসুরিয়া ৩৯-১০-৮২-৫, রমেশ ১৩-২-১৮-২, ধনাঞ্জয়া ২-০-২-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১১.৫ ওভারে ৩৬/১ (ওশাদা ১৭*, করুনারত্নে ১৬, রাজিথা ৩*; আফ্রিদি ৪-১-১৬-০, নওয়াজ ৫-০-১২-১, সালমান ২.৫-১-৮-০)
