২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি-মিয়াঁদাদকে ছাড়িয়ে বাবরের রেকর্ড

এই তো একদিন আগের কথা। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় বাবর আজমের উদ্দেশ্যে বিরাট কোহলি টুইট করেছিলেন, ‘আরও ভালো করো, আলো ছড়াও।’ পাকিস্তান অধিনায়ক আলো ছড়িয়েই যাচ্ছেন। কোহলির আরেকটি রেকর্ড ভেঙে দিয়ে তিনি উঠে গেলেন নতুন উচ্চতায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 07:25 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

দ্রুততম এশিয়ান ও পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন বাবর। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন রোববার এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড এতদিন ছিল জাভেদ মিয়াঁদাদের, ২৪৮ ইনিংস। পূর্বসূরিকে বাবর ছাড়িয়ে গেলেন ২২৮ ইনিংসে। সাঈদ আনোয়ারের ২৫৫, মোহাম্মদ ইউসুফের ২৬১ ও ইনজামাম-উল-হকের লেগেছিল ২৮১ ইনিংস। 

এশিয়ান ব্যাটসম্যানের দ্রুততম ১০ হাজার রানের আগের রেকর্ড ছিল কোহলির। সাবেক ভারত অধিনায়কের লেগেছিল ২৩২ ইনিংস। তালিকায় তিনে থাকা সুনিল গাভাস্কারের ২৪৩, সৌরভ গাঙ্গুলির ২৫৩ ইনিংস লেগেছিল।

বিশ্ব রেকর্ডটা স্যার ভিভ রিচার্ডসের। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে ক্যারিবিয়ান গ্রেটের লেগেছিল ২০৬ ইনিংস। তালিকায় তার পরে আছেন যথাক্রমে হাশিম আমলা (২১৭ ইনিংস), ব্রায়ান লারা (২২০ ইনিংস), জো রুট (২২২ ইনিংস)। বাবর আছেন পাঁচ নম্বরে।

মাইলফলক ছুঁতে গল টেস্টে বাবরের দরকার ছিল ২১ রান। প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১ রানে। দ্বিতীয় দিনে চাপের মধ্যে তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি।

দলের ১৪৮ রানে যখন নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন হাসান আলি, বাবরের রান ছিল তখন ৫৫। দশম উইকেটে নাসিম শাহর সঙ্গে ৭০ রানের জুটির পথে সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন দারুণ ছন্দে থাকা ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

শেষ ব্যাটসম্যান হিসেবে বাবর আউট হন ২৪৪ বলে ১১৯ রানের লড়িয়ে ইনিংস খেলে।