২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমিরাতে হতে পারে এশিয়া কাপ’

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এশিয়া কাপ আয়োজন করা ভীষণ কঠিন। এত দিন অবশ্য বহুজাতিক টুর্নামেন্টটি নিজেদের আঙিনায় আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল লঙ্কানরা। তবে এখন সেখান থেকে সরে এসেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 04:29 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা জানালেন, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

এমনটা হলে গত পাঁচ বছরে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজন করবে আমিরাত। ২০১৮ সালে ৫০ ওভারের সংস্করণে টুর্নামেন্টটি হয়েছিল দুবাই, আবু ধাবি ও শারজাহতে।

চরম আর্থিক সঙ্কটের মধ্যে থাকা শ্রীলঙ্কা সাক্ষী হয়েছে প্রবল গণবিক্ষোভের। এর প্রভাব অবশ্য পড়েনি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সবশেষ সিরিজে। বিক্ষোভের মাঝেই দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে গেছে অস্ট্রেলিয়া।

সফলভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ায় এশিয়া কাপ নিয়েও ইতিবাচক সম্ভাবনা উঁকি দেয়। এখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও খেলছে শ্রীলঙ্কা। তবে অনেক দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন অনেক বড় পরিসরের ব্যাপার। হয়তো সে ভাবনা থেকেই পিটিআইকে রোববার ডি সিলভা প্রায় নিশ্চিতই করে দিলেন, শ্রীলঙ্কায় হচ্ছে না ৬ দলের এই প্রতিযোগিতা।

“সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।”

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এদিন জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এই সপ্তাহের মিটিংয়ে দুবাই ও শারজাহতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক থাকবে শ্রীলঙ্কাই। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হলেও এশিয়া কাপের টুর্নামেন্ট আয়োজন করা এই মুহূর্তে শ্রীলঙ্কার জন্য বেশ কঠিন। সেখানে যে এবার এশিয়া কাপ হচ্ছে না, এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার ক্রিকইনফোকে বলা কথায় স্পষ্ট।

“দুই দলের সিরিজ আয়োজন করা আর ১০ দলের টুর্নামেন্ট আয়োজন এক নয়। জ্বালানীসহ ১০টি বাসের ব্যবস্থা করতে হবে। সরঞ্জাম বহনের জন্য প্রতি দলকে জ্বালানীসহ একটি ভ্যান দিতে হবে। ম্যানেজারদের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে।”

“স্পনসরদের বাহন দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, তারা স্পনসরশিপ থেকে যে পরিমাণ পথ ভ্রমণ করতে চায় তা পাচ্ছে। ফ্লাডলাইট চালানোর জন্য জেনারেটরের জ্বালানীও লাগবে।”

আগামী শুক্রবার এশিয়া কাপের সূচি ঘোষণা করার কথা রয়েছে এসিসি-এর। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে দুই দেশের কয়েক হাজার সমর্থক শ্রীলঙ্কায় যাওয়ার কথা। কিন্তু দেশটিতে জ্বালানীর সঙ্কট এবং রাজনৈতিক অস্থিরতা অনেক বড় বাধা হয়ে আসবে বলে মনে করেন অ্যাশলে ডি সিলভা।

“এছাড়া এবার দুটি ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। এমন অনেক মানুষ থাকবে যারা ভ্রমণ করতে এবং সেই ম্যাচগুলি দেখতে চায়। পরিস্থিতির কারণে মানুষ শ্রীলঙ্কা ভ্রমণে খুশি নাও হতে পারে।”

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ অগাস্ট হওয়ার কথা বাছাই পর্ব।

মূল পর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে এক দল জায়গা করে নেমে মূল লড়াইয়ে।