চার স্পিনার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে স্পিন গড়ে দিয়েছে পার্থক্য, শেষ ম্যাচে তাই স্পিনে শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ। একাদশে এবার স্পিনার চারজন! ওই একটি পরিবর্তন নিয়েই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার অভিযানে নেমেছে বাংলাদেশ।
আগের দুই ওয়ানডের মতো গায়ানায় সিরিজের তৃতীয় ম্যাচেও টস জিতেছেন তামিম ইকবাল। অনুমিতভাবেই বাংলাদেশ অধিনায়ক আবারও আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জে ঠেলে দিয়েছেন ক্যারিবিয়ানদের।
টস জয়ের পর তামিম বললেন, আগে বোলিংয়ের সিদ্ধান্তটি খুব সহজ।
‘কারণটা খুব সাধারণ, এই উইকেটে আগে ব্যাট করা কঠিন। আজকে উইকেট একটু ভালো মনে হচ্ছে, তবে খুব বেশি নয়।”
বাংলাদেশের একাদশে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সঙ্গে অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ছিলেন আগে থেকেই। সঙ্গে এবার যোগ করা হলো বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।
বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন তাইজুল। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সবশেষটি খেলেছেন তিনি ২০২০ সালের মার্চে।
একাদশে আর কোনো পরিবর্তন নেই। ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা এনামুল হককে তাই ওয়ানডেতে মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও।
দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর অধিনায়ক তামিম ও কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, শেষ ম্যাচে তারা কিছু ক্রিকেটারকে পরখ করে দেখতে চান, যেহেতু এই সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে সেই ভাবনা বদলে যায় পরে।
শেষ ওয়ানডের আগের দিন ডমিঙ্গো অনেকটা নিশ্চিত করে দেন, খুব বেশি পরিবর্তন হচ্ছে না একাদশে।
“ব্যাপারটি একটু ট্রিকি (বাইরে থাকাদের সুযোগ দেওয়া)। (এনামুল) বিজয়কে খেলাতে পারলে ভালো লাগবে আমার। তবে তাতে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না।”
“সে-ই একমাত্র ব্যাটসম্যান (স্কোয়াডের), যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা। সেখানে নাড়াচাড়া করার সম্ভাবনা তাই কমই।”
ওয়েস্ট ইন্ডিজের একাদশেও পরিবর্তন আছে একটি। ওপেনার ও অলরাউন্ডার কাইল মেয়ার্সের বদলে সুযোগ পেয়েছেন কেসি কার্টি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, কেসি কার্টি, শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পল, আকিল হোসেন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ।
