২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন অন্তত বোঝা যাচ্ছে যে, কোহলিও মানুষ!’

ফিফটি-সেঞ্চুরি তো হরহামেশাই হতো, ব্যাট করতে নামলেই ধরা দিত নানা রেকর্ড। বিরাট কোহলি মানেই ছিল রান-রেকর্ড-অর্জন-কীর্তি। কখনও কখনও তাকে মনে হতো অতিমানব। এখন তো সেঞ্চুরি বা রেকর্ড বহুদূর, উল্লেখযোগ্য স্কোর গড়তেই তিনি ভুগছেন। তবে তার শ্রেষ্ঠত্বকে কুর্নিশ করেই জস বাটলার বললেন, এখন অন্তত মানুষের কাতারে নেমে এসেছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 02:21 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

বছরের পর বছর ধরে কোহলির রানের জোয়ারে ভাটার টান প্রথম আসে সেঞ্চুরি খরা দিয়ে। রান পেলেও তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না। ক্রমে সেটিই এখন রূপ নিয়েছে ফর্মহীনতায়। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সত্যি বলতে খুব লম্বা রান খরা হয়নি এখনও। তবে তিনি যে সেরা সময়ের ধারেকাছে নেই এবং সামগ্রিকভাবে তিনি ছন্দে নেই, তা পরিষ্কার তার প্রতিটি ইনিংসেই।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার কোহলি ১৬ রানে আউট হওয়ার পর তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠল প্রতিপক্ষ অধিনায়কের সংবাদ সম্মেলনেও। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের প্রতিক্রিয়াতেও ফুটে উঠল কোহলিকে তারা কতটা উচ্চতায় রাখেন।

“আমার মনে হয়, আমাদের বাকি সবার জন্য এটা একটা ফুরফুরে ব্যাপার যে সে আসলে মানুষ এবং সেও কিছু ম্যাচে কম রানে আউট হতে পারে। তবে দেখুন, ওয়ানডেতে সে যদি সবচেয়ে সেরা নাও হয়, তবু সেরাদের একজন হয়েই আছে।”

“অনেক বছর ধরেই সে অসাধারণ এক ক্রিকেটার। তাকে দিয়ে আরেকবার প্রমাণ হয়, ব্যাটসম্যানদের এমন ফর্ম আসে, যখন সে যতটা ভালো, ততটা পারফর্ম করতে পারে না। তবে প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে আমি তো নিশ্চিতভাবেই জানি, তার মানের একজন ব্যাটসম্যানের বড় একটি ইনিংস প্রাপ্য হয়ে গেছে। স্রেফ আশা করতে পারি, আমাদের বিপক্ষে যেন না আসে।”

কোহলির ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেটে যে আলোচনা-সমালোচনা, তাতে প্রচণ্ড অবাক বাটলার।

“হ্যাঁ, অবিশ্বাস্য রকমের বিস্মিত। যেমনটি বলেছি, তার রেকর্ডই তো তার হয়ে কথা বলে। ভারতকে যত ম্যাচ সে জিতিয়েছে… তার পর তাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে!”