২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুই ঘোড়ার দৌড়ে তৃতীয় হয়েছে ইংল্যান্ড’

আগ্রাসী ও রোমাঞ্চকর সব ক্রিকেটারে ঠাসা দুটি দল। দারুণ এক লড়াইয়ের প্রেক্ষাপট ছিল প্রস্তুত। কিন্তু মাঠের ক্রিকেটে হলো উল্টো। ঘরের মাঠে ইংল্যান্ড স্রেফ খড়-কুটোর মতো উড়ে গেল ভারতের সামনে। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জস বাটলারের সরল স্বীকারোক্তি, কোনোরকম লড়াই করতেই পারেননি তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 01:05 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

ওভালের উইকেট এমনিতে ব্যাটিং সহায়ক হিসেবেই পরিচিত, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। তবে মঙ্গলবারের ম্যাচে দেখা যায় সেই ২২ গজের ভিন্ন রূপ। কন্ডিশন ছিল পেস সহায়ক। উইকেটে মেলে সুইং ও সিম মুভমেন্ট। তা কাজে লাগিয়ে বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় পেসাররা।

জাসপ্রিত বুমরাহ নেন ১৯ রানে ৬ উইকেট, মোহাম্মদ শামির শিকার ৩টি। জেসন রয়, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন-ইংল্যান্ডের প্রথম ৬ ব্যাটসম্যানের ৪ জনই আউট হন শূন্য রানে!

৫০ ওভারের ম্যাচে ২৫.২ ওভার খেলেই ১১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। রান তাড়ায় কোনো উইকেট না হারিয়ে ভারত জিতে যায় স্রেফ ১৮.৪ ওভারে।

ইংল্যান্ডের সর্বোচ্চ রান আসে বাটলারের ব্যাট থেকেই। তবে সহজাত আক্রমণাত্মক খেললেও ইনিংস বড় করতে পারেননি তিনি। আউট হয়ে যান ৩২ বলে ৬ চারে ৩০ রান করে।

আগে নানা সময়ে ৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিলেও এই সংস্করণে নিয়মিত অধিনায়ক হিসেবে বাটলারের প্রথম ম্যাচ ছিল এটি। সেই ম্যাচ কাটল দুঃস্বপ্নের মতো। ম্যাচ শেষে একটি কথায় তিনি বুঝিয়ে দিলেন, লড়াইয়ে কতটা পেছনে ছিল তার দল, “দুই ঘোড়ার দৌড়ে আমরা তৃতীয় হয়েছি।”

ইংল্যান্ড অধিনায়ক নিজেদের ব্যর্থতার পাশাপাশি কৃতিত্ব দিলেন ভারতকে।

“কঠিন একটি দিন ছিল আমাদের জন্য। তবে দ্রুত এটি ঝেড়ে ফেলে লর্ডসে (পরের ম্যাচে) ঘুরে দাঁড়াতে হবে আমাদের। কন্ডিশন খানিকটা গুমোট ছিল, আমাদের মনে হচ্ছিল যে সুইং করতে পারে। ভারত তা কাজে লাগিয়েছে পুরোপুরি। টি-টোয়েন্টি সিরিজের মতো এখানেও পাওয়ার প্লেতে ওরা দুর্দান্ত বোলিং করেছে।”

সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার।