২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিন পেছাল লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি

লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের সূচিতে বদল আনা হয়েছে। শ্রীলঙ্কার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরুর দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 09:49 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

গত মাসে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিবৃতি দিয়ে জানিয়েছিল, আগামী ৩১ জুলাই শুরু হবে এলপিএল। মঙ্গলবার লঙ্কান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ১ অগাস্ট মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

সবশেষ আসরের দুই ফাইনালিস্ট জাফনা কিংস ও গল গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ নিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। আগামী ২১ জুলাই হবে ফাইনাল।

প্রতিযোগিতার মোট ২৪ ম্যাচের প্রথম ১০টিই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ১৩ অগাস্ট থেকে হাম্বানটোটায় শুরু হবে আসরের বাকি অংশ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালও হবে সেখানে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের দিন ছাড়া বাকি সব ম্যাচ ডে-তে দুটি করে ম্যাচ মাঠে গড়াবে।

ড্রাফট থেকে ক্রিকেটার নিয়ে দল সাজানোর কাজ এরই মধ্যে শেষ করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এলপিএলের প্রথম দুই আসরেরই চ্যাম্পিয়ন জাফনা। প্রথম আসরে দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। আর গত বছর মালিকানায় বদল আসায় পাল্টে যায় নাম। আর দুবারই রানার্সআপ হয়েছিল গল গ্ল্যাডিয়েটর্স।