২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ জিতলেও দলের ফিল্ডিংয়ে বিরক্ত অধিনায়ক

লক্ষ্য থাকতে পারত ১১৫ রানের মতো। কিন্তু একের পর এক ক্যাচ ছাড়ায় সেটিই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াল ১৫০। খুব বড় খেসারত অবশ্য দিতে হয়নি। তবে ক্যাচ ছাড়ার চড়া মূল্য আগে অনেকবারই দিতে হয়েছে, সামনেও দিতে হতে পারে। ক্যাচিং নিয়ে দুর্ভাবনায় কোনো রাখঢাক রাখলেন না তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক বললেন, এখানে উন্নতির পথ বের করতেই হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 11:03 AM

Updated : 14 Jul 2022, 07:01 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার বৃষ্টিভেজা মাঠে খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ নবম উইকেট হরায় ৩৪তম ওভারে। রান তখন তাদের ১১০।

তখনও পর্যন্ত দারুণ করতে থাকা বাংলাদেশ প্রতিপক্ষের শেষ জুটির সামনে যেন খেই হারিয়ে ফেলে। নিজের বলে ক্যাচ নিতে পারেননি মুস্তাফিজুর রহমান, তার বলে আবার ক্যাচ ছাড়েন আফিফ হোসেন, শরিফুল ইসলামের বলে ক্যাচ নিতে পারেননি মাহমুদউল্লাহ। এছাড়াও রান আউটের একটি সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ।

বারবার জীবন পেয়ে ক্যারিবিয়ানদের ১০ নম্বর ব্যাটসম্যন অ্যান্ডারসন ফিলিপ ও ১১ নম্বর জেডেন সিলস খেলে ফেলেন বাকি পুরো ওভার। দুজনে গড়েন ৩৯ রানের জুটি।

শুধু এই ম্যাচে নয়, ক্যাচিংয়ের সমস্যা গত বছর তিনেক ধরে চলে আসছে সব সংস্করণেই। দু-একটি ম্যাচে ভালো হয়, কিন্তু বেশিরভাগ ম্যাচেই ক্যাচ ফসকে যাচ্ছে নিয়মিত।

এই ম্যাচে এজন্য বড় খেসারত দিতে হয়নি দলকে। তবে ম্যাচের পর গায়ানায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, দ্রুত এই রোগের ওষুধ বের করতে হবে তাদেরকে।

“আরও অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আরও একটা ভালো দলের সঙ্গে খেলা হলে এই ক্যাচগুলির অনেক চড়া মূল্য দিতে হতে পারত। আগেও দুর্ভাবনার কথা বলেছি, এটা বন্ধ হতে হবে বা কমে আসতে হবে। কারণ চার-চারটা ক্যাচ ছেড়ে এভাবে হয় না। আমরা হয়তো ১১৫ রান তাড়া করতাম ক্যাচ না ছাড়লে।”

“এই একটা দিক আমাদের খুঁজে বের করতে হবে যে ভুল কোথায় হচ্ছে। কারণ অনুশীলনে আমি কোনো ভুল দেখি না। এটা নিয়ে সতর্কভাবে আলোচনা করতে হবে আমাদের। বারবার একই মানুষেরা ক্যাচ মিস করছে, যা বাজে ব্যাপার। আমাদের নিশ্চিত করতে হবে যেন এটা সবসময় না হয়।”