ড্রেসিং রুমকে চাঙা করবে এই জয়, বিশ্বাস অধিনায়কের
দেশে-বিদেশে একের পর এক পরাজয়ে জেরবার ছিল দল। ক্রিকেটারদের মনোবল ছিল তলানিতে, শরীরী ভাষা ছিল মিইয়ে পড়া। ড্রেসিং রুমও তাই হয়ে পড়ার কথা একরকম বিধ্বস্ত জনপদ। অবশেষে ধরা দেওয়া একটি জয় এই ড্রেসিং রুমে প্রাণের সঞ্চার করবে বলেই মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের বিশ্বাস, দলের আবহ এখন ভালো হয়ে উঠবে।
গত মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বাজেভাবে হারার পর দেশে ফিরে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে যায় বাংলাদেশ। এরপর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে সিরিজে হারতে হয় ২-০ ব্যবধানে।
ব্যর্থতার সেই বলয় অবশেষে তারা ছিঁড়তে পেরেছে প্রিয় সংস্করণ ওয়ানডেতে মাঠে নেমে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে রোববার ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের পর গায়ানায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, দলে স্বস্তির পরশ বুলিয়ে দেবে এই জয়।
“সিরিজ শুরুর আগেও আগেও বলেছিলাম যে হারতে কখনোই ভালো লাগে না। জিতলে আবহ ভালো থাকে, ড্রেসিং রুমের অবস্থা ভালো থাকে। সেদিক থেকে ভালো লাগছে প্রথম ম্যাচ জিতে।”
“টিম মিটিংয়েও আমি একটি কথা বলেছি যে, আমি ওয়ানডে অধিনায়ক বলেই যে সব বদলে যাবে, তা নয়। ওয়ানডেতে আমরা ভালো খেলি বলেই সব বদলে যাবে না। টি-টোয়েন্টি ও টেস্টে যারা অধিনায়ক ছিল, খেলোয়াড় যারা খেলেছে, সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ভালো করতে। দুর্ভাগ্যজনকভাবে ভালো করতে পারিনি আমরা। এই ম্যাচে আমরা ভালো শুরু করতে পেরেছি, এটা গুরুত্বপূর্ণ।”
বৃষ্টিভেজা মাঠের কারণে এ দিন ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। দীর্ঘক্ষণ ঢেকে রাখা উইকেটে টস জিতে আগে বোলিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। শরিফুল ইসলামের ৪ উইকেট ও মেহেদী হাসান মিরাজের ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে আটকে রাখেন তারা। এই রান তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি ব্যাটসম্যানদের।
টস জয়কে এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ বললেন তামিম। অধিনায়ক কৃতিত্ব দিলেন বোলারদেরও।
“উইকেট কঠিন ছিল। সত্যি বলতে, দুই দলের জন্যই কঠিন ছিল। সৌভাগ্যবশত আমরা টস জিতেছি, আজকের ম্যাচের সেরা ব্যাপার ছিল এটিই।”
“বোলাররা যেভাবে বল করেছে…কখনও কখনও এই ধরনের উইকেটে, যেখানে অনেক সহায়তা আছে, বোলাররা এখানে বেশি লোভী হয়ে উঠতে পারে। তবে আমরা তা হইনি, এটা জরুরি ব্যাপার ছিল। মিরাজ ও পেসাররা দারুণ বোলিং করেছে। যদিও অনেক টার্ন করছিল উইকেটে, এখানেই আমাদের একজন পেসার চার উইকেট নিয়েছে, সে-ই মূলত আমাদের ম্যাচে ফিরিয়েছে। সব মিলিয়ে তাই খুবই তৃপ্তিদায়ক।”
উইকেট না পেলেও বোলিংয়ে এ দিন বড় অবদান রাখেন নাসুম আহমেদ। অভিষেকেই ম্যাচের প্রথম ওভারটি করেন তিনি। নতুন বলে তার প্রথম দুই স্পেল শেষে বোলিং ফিগার ছিল ৬-৩-৪-০! ম্যাচ শেষ করেন তিনি ৮ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে।
বাঁহাতি এই স্পিনারের প্রশংসা শোনা গেল অধিনায়কের কণ্ঠে।
“সে দারুণ বোলিং বল করেছে। অসাধারণ ছিল সে। প্রথম ওভারে তাকে বোলিং দিয়েছিলাম, আমাকে হতাশ করেনি সে। টি-টোয়েন্টিতে সে ভালো করেই আসছে বেশ কিছুদিন ধরে। আজকেও দুর্দান্ত করেছে।”
