৪১ ওভারের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলা শুরুর নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগে থেকেই বৃ্ষ্টি থেমে গেছে। গায়ানায় তবু টস হতে পারল না সময় মতো। উইকেট ঠিকঠাক থাকলেও আউটফিল্ডের নানা জায়গা যে ভেজা! শেষ পর্যন্ত মাঠ খেলার উপযোগী করে ২ ঘণ্টা ২০ মিনিট পরে হলো টস। তাতে জিতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজকে।
প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার ম্যাচের দৈর্ঘ্য অবশ্য কমে গেছে এই দেরিতে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫০ ওভারের ম্যাচ নেমে এসেছে ৪১ ওভারে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তামিম ইকবালের সিদ্ধান্ত অনুমিতই। টসের পর নিজের সিদ্ধান্ত ব্যাখ্যাও করলেন তিনি।
“উইকেট প্রায় দুই দিন ধরে ঢেকে রাখা ছিল। আর্দ্রতা থাকার কথা যথেষ্ট। আগে বল করে সেই সুবিধা নেওয়ার চেষ্টা করব আমরা এবং ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি স্কোরে আটকে রাখার চেষ্টা করব।”
বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার এর মধ্যে টি-টোয়েন্টি খেলেছেন ২২টি। বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার তিনি।
ছুটি পাওয়ায় বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না সাকিব আল হাসানকে। হজে যাওয়ার কারণে সফরেই যেতে পারেননি মুশফিকুর রহিম। ২০০৬ সালে সাকিবের অভিষেকের পর এই প্রথম দুজনকেই একসঙ্গে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে নেই ইয়াসির আলি চৌধুরি।
ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে স্কোয়াডে আসা এনামুল হক ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন জায়গা পাননি একাদশে। এখনও পর্যন্ত ৮ ওয়ানডে খেলে মোট ৯৩ রান করা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন একাদশে, পেয়েছেন এই সংস্করণে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ।
৪১ ওভারের এই ম্যাচে পাওয়ার প্লে থাকছে ৮ ওভার। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন, অন্যরা ৮ ওভার পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয়েছে গুডাকেশ মোটির। বাঁহাতি এই স্পিনার এখনও পর্যন্ত টেস্ট ও ওয়ানডে খেলেছেন একটি করে। আরেক বাঁহাতি স্পিনার আকিল হোসেনও আছেন একাদেশে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, কাইল মেয়ার্স, শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
