২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের ব্যাটে এবার দেখা যাবে ‘রানের জোয়ার’

১৬ ইনিংসের সেঞ্চুরি বিরতি খুব বড় কোনো ব্যাপার নয় বেশির ভাগ ব্যাটসম্যানের জন্য। কিন্তু নামটি যখন স্টিভেন স্মিথ, এই সময়টুকুও তখন বিস্ময়কর। গড়ে যার দুই-তিন টেস্টে একটি করে সেঞ্চুরি থাকে, তার জন্য এতটা বিরতিকে সেঞ্চুরি খরাই বলা যায়। তবে সেই খরা কেটে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিতে। একই দিনে সেঞ্চুরি করা মার্নাস লাবুশেনের বিশ্বাস, এবার রানের প্লাবন বইবে স্মিথের ব্যাটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 10:25 AM

Updated : 14 Jul 2022, 07:00 PM

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শুক্রবার সেঞ্চুরি করেন স্মিথ। এটির আগে তার সবশেষ সেঞ্চুরি ছিল গত বছরের জানুয়ারিতে, ভারতের বিপক্ষে সিডনিতে।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন স্মিথ ২২ ইনিংস পর। ৮-৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, তখন ছিলেন মূলত স্পিনিং অলরাউন্ডার। পরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে নিজেকে তুলে নেন সর্বকালের সেরাদের উচ্চতায়। শুরুর সেই অপেক্ষার পর এবারের ১৬ ইনিংসই সেঞ্চুরির জন্য স্মিথের ক্যারিয়ারের দীর্ঘতম বিরতি।

শুরু আর সাম্প্রতিক এই বিরতি বাদ দিলে মাঝের ৬৬ টেস্টে তার সেঞ্চুরি ২৭টি, গড়ে ২.৪৪ টেস্টে একটি করে!

এমন নয় যে, সেঞ্চুরি না পাওয়ার সময়টায় ফর্ম খারাপ ছিল তার। ভারতের বিপক্ষে ওই সিডনি টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেই করেন ৮১ রান। অ্যাশেজে ৯৩ রানের ইনিংস খেলেন অ্যাডিলেইডে। গত মার্চে পাকিস্তান সফরে ৭৮ ও ৭২ রানের দুটি ইনিংস আছে। সব মিলিয়ে এই ১৬ ইনিংসে পঞ্চাশ পেরিয়েছেন তিনি ৭ বার।

তবে ওই যে, নামটি স্টিভেন স্মিথ। তাই তার সেঞ্চুরি না পাওয়াই ছিল ফর্মহীনতার মতো। গল টেস্টের প্রথম দিনে স্মিথের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়া লাবুশেন তুলে ধরলেন সেটিই।

“ছেলেরা আজকে সকালে বলছিল যে, সে (স্মিথ) যখন মাঠে আসে, তাকে মনে হচ্ছিল নিজের জোনে এবং দৃঢ়প্রতিজ্ঞ। তার মতো সামর্থ্যের একজন, কখনও মনেও হয়নি সে ফর্মের বাইরে। ব্যাপারটি স্রেফ হলো যে, নিজের মানদণ্ড তিনি এতটা উঁচুতে তুলে নিয়েছেন, পারফরম্যান্স একটু পড়তির দিকে থাকলেও প্রত্যাশা থাকে সেই উঁচুতেই।”

মাঠ, ড্রেসিং রুম ও মাঠের বাইরে স্মিথের ঘনিষ্ঠ সঙ্গী লাবুশেন। ক্রিকেট নিয়ে দুজনের ভাবনা, দর্শন, মানসিকতাকে মনে করা হয় একই। ‘মানিকজোড়’ হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটে তাদের পরিচিত গড়ে উঠেছে বেশ আগেই। স্মিথকে ভালোভাবে জানেন বলেই লাবুশেন বলে দিলেন, এখন আর তাকে থামানো যাবে না।

“সে নিজেই নিজের সবচেয়ে কঠোর সমালোচক। গত ৮-৯ বছরে অস্ট্রেলিয়ার হয়ে একটি মানদণ্ড তৈরি করেছে সে। যথেষ্ট ভালো ব্যাটিং করছিল সে (সেঞ্চুরি খরার সময়), ব্যাপারটি ছিল স্রেফ আত্মবিশ্বাসের।”

“আজকে সেই আত্মবিশ্বাস পেয়ে গেছে। আমার ধারণা, বাঁধ ভেঙে যাওয়ায় রানের জোয়ার বইবে এখন এবং পরের বছর পর্যন্ত ১০ টেস্ট বা এই সময়ে তাকে সত্যিই বড় কিছু করতে দেখা যাবে।”

বড় কিছুর সম্ভাবনা আছে চলতি এই ইনিংসেও। ১০৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন স্মিথ।

লাবুশেন প্রথম দিনে আউট হন ১০৪ রান করে। তার নিজের জন্যও এই ইনিংসটি ছিল জরুরি। এটির আগে তিনি ১২ ইনিংস ছিলেন সেঞ্চুরিবিহীন, তার মানের একজনের জন্য যেটিকে বেশ বড় বিরতিই বলা যায়।

এই সেঞ্চুরির আগে ১১ টেস্টের মধ্যে ৬টি সেঞ্চুরি করেছিলেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উঠে গিয়েছিলেন এক নম্বরে। মাঝের এই বিরতির সময়টা শীর্ষস্থানও হারাতে হয়েছে তাকে জো রুটের কাছে। এই সেঞ্চুরিতে আবার তিনি ফিরলেন প্রত্যাশিত পথে।