২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঞ্জি ট্রফিতে ২৩ বছরের অপেক্ষা ফুরাল মধ্য প্রদেশের

আসর আসে, আসর যায়; কিন্তু অপেক্ষার অবসান হয় না মধ্য প্রদেশের। প্রায় দুই যুগ পর অবশেষে ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ফাইনালে জায়গা করে নিল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 05:58 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

চলতি আসরে কঠিন সব পথ পেরিয়ে সেমি-ফাইনালে তারা হারিয়ে দিয়েছে বেঙ্গলকে। চার দিনের ম্যাচের শেষ দিন শনিবার জয় তুলে নিয়েছে ১৭৪ রানে।

১৯৯৮-৯৯ মৌসুমে সবশেষ রঞ্জির ফাইনালে উঠেছিল মধ্য প্রদেশ। সেবার কর্ণাটকের বিপক্ষে ৯৬ রানে হেরে গিয়ে শিরোপা স্বপ্ন ভেঙে যায় দলটির।

এবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাইকে পেয়েছে তারা। ফাইনাল শুরু হবে আগামী বুধবার।

রেকর্ড ৪১ বার চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৬-১৭ আসরে। সেবার গুজরাটের বিপক্ষে হেরে যায় তারা।

শেষ চারে মধ্য প্রদেশের জয়ে বড় অবদান রাখেন হিমানশু মন্ত্রী। টস জিতে ব্যাটিংয়ে নামা দলটির প্রথম ইনিংসে ১৬৫ রান করেন এই ওপেনার। ৩৪১ রানের পুঁজি গড়ে তারা।

নিজেদের প্রথম ইনিংসে মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদের সেঞ্চুরির পরও বেঙ্গল থেমে যায় ২৭৩ রানে। মনোজ করেন ১০২ রান ও শাহবাজ খেলেন ১১৬ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে মধ্য প্রদেশ পরে রজত পাতিদার (৭৯), আদিত্য শ্রীভাস্তাভার (৮২) ফিফটিতে ২৮১ রান করে প্রতিপক্ষকে ৩৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। কুমার কার্তিকেয়ার দুর্দান্ত বোলিংয়ে ১৭৫ রানেই প্রতিপক্ষকে থামিয়ে দিয়ে উল্লাসে মাতে তারা। ৬৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।