ম্যাককালাম-স্টোকস যুগের আনন্দময় ভ্রমণ শুরু
গত বছরের জুনের ঘটনা। লর্ডস টেস্টের শেষ দিন সকালে যখন ইনিংস ঘোষণা করল নিউ জিল্যান্ড, জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়াল ৭৫ ওভারে ২৭৩। কিন্তু জয় তো ইংলিশদের ভাবনায়ই নেই! ৭০ ওভার নিরাপদ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭০ রান নিয়ে মাঠ ছাড়ল তারা ড্রয়ের স্বস্তি নিয়ে। এবার ট্রেন্ট ব্রিজেও সমীকরণ প্রায় একই, বরং একটু কঠিন। ৭২ ওভারে ২৯৯। এই ম্যাচ ইংল্যান্ড শেষ করে দিল ৫০ ওভারেই। রোমাঞ্চকর রান তাড়ায় অবিস্মরণীয় এক জয়!
দলটার নাম সেই একই। তবে এখন বদলে গেছে কোচ আর অধিনায়ক। বদলে গেছে দলের রঙ, রূপ আর ভাষা। যে দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক বেন স্টোকস, সেই দল আর যাই হোক, পানসে ক্রিকেট তো খেলতে পারে না!
শেষ দিনে ৭২ ওভারে ২৯৯, শেষ সেশনে ৩৮ ওভারে ১৬০। এরকম সমীকরণে এক বছর আগের সেই নিরস ইংল্যান্ড কেন, বেশির ভাগ দলই খেলবে হয়তো ড্রয়ের ভাবনায়। কিন্তু ম্যাককালাম-স্টোকসের ইংল্যান্ড শেষ সেশন ১৬০ করে জিতে গেল স্রেফ ১৬ ওভারে!
জনি বেয়ারস্টোর ৭৭ বলের সেঞ্চুরি, ১৪ চার ও ৭ ছক্কায় ৯২ বলে ১৩৬ রানের ইনিংস, বেন স্টোকসের ৭০ বলে অপরাজিত ৭৫, ইংলিশ ক্রিকেটের নতুন দিনে বিজ্ঞাপন হয়ে রইল এই রান তাড়া আর এই টেস্ট।
খেলোয়াড়ী জীবনে আক্রমণ ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না ব্রেন্ডন ম্যাককালামের। তা সেটা তার ব্যাটিংয়ে হোক বা কিপিং-ফিল্ডিংয়ে, কিংবা নেতৃত্বের দর্শনে। ক্যারিয়ারের শেষ টেস্টে যিনি ৫৪ বলের সেঞ্চুরিতে টেস্ট ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি গড়তে পারেন, ৭৪ রানে ৪ উইকেট হারানো দলের হয়ে খেলতে পারেন ৭৯ বলে ১৪৫ রানের ইনিংস, কিংবা ৮৮ রানে ৩ উইকেট পড়ার পর টেস্টে যিনি ৭৪ বলে সেঞ্চুরি করতে পারেন, খেলতে পারেন ১৩৫ বলে ১৯৫ রানের ইনিংস, তার দর্শন নিয়ে নতুন করে কিছু বলাই বাহুল্য।
স্টোকস তো বরাবরই রোমাঞ্চপ্রিয় আর লড়াকু। গত কয়েক বছরে ইংল্যান্ডের অসাধারণ কিছু জয়ের নায়ক তিনি।
এই দুজনের মানসিকতা ও তাড়না নিয়ে তাই কোনো সংশয় ছিল না। তবে দেখার ছিল, ঐতিহ্যপ্রিয় টেস্ট দল ইংল্যান্ড কতটা খাপ খাইয়ে নিতে পারে নতুন এই ব্র্যান্ডের ক্রিকেটের সঙ্গে। অপেক্ষা ছিল, ম্যাককালাম-স্টোকসের দর্শনের ছাপ দলে পড়তে কত সময় লাগে। এত দ্রুত এই পরিবর্তন দেখা যাবে, কে ভাবতে পেরেছিল!
ম্যাককালামের কোচিং ও স্টোকসের নেতৃত্বে সামনের দিনগুলি আরও আনন্দময় হবে, বিশ্বাস জনি বেয়ারস্টোর। ছবি: রয়টার্স।
রান তাড়ার শুরু থেকেই পরিষ্কার ছিল ইংল্যান্ডের অভিপ্রায়। ইনিংসের প্রথম দুই বলেই টানা দুটি বাউন্ডারিতে শুরু করেন অ্যালেক্স লিস। রোমাঞ্চের পথে বিপদের কাঁটাও থাকে। দ্বিতীয় ওভারে ওপেনার জ্যাক ক্রলির বিদায়ের পর প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান জো রুট ও অলিভার পোপ যখন বিদায় নেন, ইংল্যান্ডের রান তখন ৩ উইকেটে ৫৬।
দারুণ খেলতে থাকা অ্যালেক্স লিস যখন ৪৪ রান করে আউট হলেন, রান তখন ৪ উইকেটে ৯৩। তবে নিয়মিত উইকেট পড়লেও রানের গতি ছিল ওভারপ্রতি চারের কাছাকাছি। সেটিই পরে রকেটের গতিতে এগোতে থাকে বেয়ারস্টো ও স্টোকসের অবিশ্বাস্য পাল্টা আক্রমণে। ২০.১ ওভারে ১৭৯ রানের বিস্ফোরক জুটিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন দুজন।
এক বছর আগে শেষ দিকে ড্রয়ের জন্য খেলার পর ইংল্যান্ড দলের তুমুল সমালোচনা করেছিলেন বিশেষজ্ঞরা। সাবেক অধিনায়ক নাসের হুসেইন দলকে কাঠগড়ায় তুলেছিলেন চ্যালেঞ্জ নিতে ভয় পাওয়ায় ও জয়ের তাড়না না দেখানোয়। এক বছর পর ম্যাককালাম-স্টোকসের ইংল্যান্ড দেখাল, জয়ের তাড়না কাকে বলে।
বরাবরই চাছাছোলা সমালোচনা করতে পিছপা হন না যিনি, সেই মাইকেল ভন পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ দলের। সাবেক এই অধিনায়ক নতুন কোচ ও অধিনায়ককে কৃতিত্ব দিলেন ওপেনার অ্যালেক্স লিসের ব্যাটিংয়ের উদাহরণ দিয়ে।
“এই ঘরানার ক্রিকেট চলতে থাকুক। এভাবে খেললে মাঝেমধ্যে বাজে দিন আসবে বটে, তবে যতক্ষণ পর্যন্ত তারা এরকম সাহসী থাকছে… তারা জানবে যে এটাই বেন স্টোকসের নেতৃত্বের ধরন।”
“এটা চমকপ্রদ যে কত দ্রুত মানসিকতা বদলে যায়। ম্যাককালামের বিশাল কৃতিত্ব প্রাপ্য এখানে। সে বলে দিয়েছে মাঠে নেমে ব্যাটিং দিয়ে এভাবে প্রভাব রাখতে। তাড়না দেখাতে, ইতিবাচক থাকতে। দ্রুত রান করতে। অ্যালেক্স লিসকে দেখুন, কীভাবে সে ক্যারিবিয়ানে খেলেছে আর আজকে কীভাবে খেলেছে। পুরো ভিন্ন খেলোয়াড় মনে হচ্ছে তাকে। ম্যাককালামের এই কৃতিত্ব প্রাপ্য।”
অধিনায়ক স্টোকস ম্যাচ শেষে বললেন, পরিস্থিতি যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল, সেটিই তাদেরকে তাতিয়ে দিয়েছে নিজেদের ঘরানা মেলে ধরতে।
“আমরা যেভাবে খেলতে চাই ও সামনে এগোতে চাই, আজকের পরিস্থিতি সেটার জন্য একদম নিখুঁত ছিল। পিছু হটার চেয়ে আমরা চাই বিপদকে আলিঙ্গন করতে। আজকে আমরা নিশ্চিতভাবেই তা করেছি।”
“ব্যাপারটা খুব সাধারণ- হয় ম্যাচ জিতব বা হারব। মাঝামঝি কিছু নেই। আমরা চেয়েছি, এই মানসিকতাই সব ব্যাটসম্যানের মধ্যে থাকুক। আজকে তা কাজে লেগেছে। যখন কোচ আর আমার সমর্থন থাকে যে আমরা এভাবে এগোতে চাই, অবশ্যই তা দলের সবার মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ব্যর্থতার ভয় এখানে নেই। আছে শুধু মাঠে নেমে চাওয়া মতো খেলার তাড়না।”
জয়ের নায়ক জনি বেয়ারস্টো তো ম্যাককালাম-স্টোকস জমানার সামনের দিনগুলির কথা ভেবে এখনই রোমাঞ্চিত।
“আমরা এটিকে স্রেফ ওয়ানডে ম্যাচ হিসেবে দেখছিলাম। পিচ ভালো ছিল, আউটফিল্ড দ্রুতগতির, যে ধরনের ক্রিকেটার আমাদের আছে, যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলতে চাই, আজকের মতো দিনগুলি খুবই রোমাঞ্চকর। এখনই যদি এরকম হতে থাকে, সামনের ভ্রমণ হবে আরও আনন্দময়।”
