২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুখস্মৃতি নিয়ে পয়মন্ত ডারবানে শান্ত

বয়সভিত্তিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় চমৎকার কিছু স্মৃতি আছে বাংলাদেশের। শরিফুল ইসলাম এখানেই জিতেছিলেন যুব বিশ্বকাপ। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে গিয়েছিলেন স্বাগতিকদের। দীর্ঘ সাত বছর পর সেখানে ফিরে সেসব স্মৃতি ভীড় করেছে শান্তর মনে। প্রথম টেস্টে ভালো করে সাফল্যের সেই গল্পে নতুন অধ্যায় যোগ করতে চান তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 10:56 AM

Updated : 25 Jul 2022, 04:41 PM

২০১৫ সালে যুব দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সাত ম্যাচে ৩৫.২৫ গড়ে শান্ত করেছিলেন ১৪১ রান। একমাত্র ফিফটির ইনিংসে অপরাজিত ছিলেন ৬৯ রানে। প্রথম দুটি ও শেষ ম্যাচ ছিল ডারবানের কিংসমিডে। এখানেই বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট।

৫-২ ব্যবধানে সেই সিরিজ জয়ের পথে কিংসমিডের তিন ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। তাই এই মাঠ মিরাজ-নাজমুলদের জন্য তো পয়মন্তই। সোমবার বিসিবির পাঠানো ভিডিওতে শান্ত সেই সফরের অনেক কথাই বললেন। 

“খুব ভালো স্মৃতি। এখানে আমরা যে কয়টা ম্যাচ খেলেছি, সব কটাতেই জিতেছি। ওদের দলে বেশ কয়েকজন রাগবি (বেসবল) খেলোয়াড় ছিল। তো ওরা ব্যাটিংয় নামলে আমরা বুঝতাম না ওরা রাগবি (বেসবল) খেলতে নেমেছে নাকি ক্রিকেট খেলতে নেমেছে। এমন মজার মুহূর্ত অনেক ছিল। তবে দিন শেষে আমাদের দলের আবহ খুব ভালো ছিল, আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং উপভোগ করেছি। সে সময় অনেক কিছু শিখতেও পেরেছি। তখন অনেক ভালো সময় কেটেছে।”

দক্ষিণ আফ্রিকার সেই সময়ের দলে থাকা কাইল ভেরেইনার সঙ্গে দেখা হয়েছে ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজে দেখা হবে আরও দুই জনের সঙ্গে। পুরান বন্ধুদের বিপক্ষে লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছেন শান্ত।

“আর সবচেয়ে বড় কথা যে, ওই দলে যারা ছিল, (ভিয়ান) মুল্ডার ছিল, (লুথো) সিপামলা ছিল। তো ওদের সঙ্গে আবার একটা ম্যাচ খেলার সুযোগ। খেলার জন্য রোমাঞ্চিত। অনেক দিন পর দেখা হবে। আশা করছি, আমাদের এই ম্যাচগুলো ভালো যাবে এবং আমরা ভালো সময় কাটাব।”

সুযোগ পেলে আসছে টেস্ট সিরিজে স্মরণীয় কিছু করতে চান শান্ত।

“আমি ব্যাটিংয়ে ভালো করেছিলাম, মোটামুটি দুই-তিনটা বড় ইনিংস ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেই আত্মবিশ্বাসটাও আছে। আশা করি, এবার যদি সুযোগ আসে সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং ভালো কিছু করব।”

বয়সভিত্তিক ক্রিকেটে যত সাফল্যই থাক, সিনিয়র ক্রিকেটে কিছুদিন আগ পর্যন্তও বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের ঠিকানা ছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ দিয়ে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে সফরকারীরা। একই ধরনের পরিবর্তন টেস্টেও দেখতে চান শান্ত।

“আমাদের সবার মানসিকতার পরিবর্তন এসেছে। হয়তো আগে দেশের বাইরে খেলতে গেলে আমরা জিততে পারি, এই আত্মবিশ্বাস ততটা ছিল না। তবে এখন ধীরে ধীরে ওই বিশ্বাস আসতে শুরু করেছে যে, আমরা দেশের বাইরে ভালো খেলতে পারি। আমি বলছি না, আমরা খেললেই জিতে যাব। তবে ওই বিশ্বাস তৈরি হচ্ছে, আমরা যদি প্রক্রিয়া ঠিক রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে জেতা সম্ভব। দলের আবহ, নিজেদের উপর বিশ্বাস, এই জায়গায় বেশ উন্নতি হয়েছে।”