১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের শেষ বিদায়ের অনুষ্ঠানে থাকার আশায় ওয়ার্নার

শেন ওয়ার্নের মৃত্যুর পর পেরিয়ে যাচ্ছে প্রায় এক সপ্তাহ। এখনও কিছুতেই যেন কিংবদন্তি এই লেগ স্পিনারের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ডেভিড ওয়ার্নার। পাকিস্তানে টেস্ট সিরিজের পর দেশে ফিরে ওয়ার্নের শেষ বিদায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আশায় আছেন এই ওপেনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 10:35 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন ছুটি কাটাতে গিয়ে গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কয়েক হাজার কিলোমিটার দূরের থাইল্যান্ডের কোহ সামুইয়ে। ধারণা করা হচ্ছিল, মৃত‍্যুর কারণ হার্ট অ‍্যাটাক। ময়নাতদন্তের ফলাফলেও তাই এসেছে।

মৃত্যুর ছয় দিন পর থাইল্যান্ড থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরে অস্ট্রেলিয়ান কিংবদন্তির মরদেহ। লেগ স্পিন শিল্পকে অন্য উচ্চতায় তোলা ওয়ার্নের পরিবার কদিন আগে জানায়, তাকে পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়ায় সমাহিত করা হবে।

আগামী ৩০ মার্চ এক লাখ দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ওয়ার্নকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হবে।

লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্ট পঞ্চম দিনে গড়ালে ম্যাচ শেষ হবে ২৫ মার্চ। 

২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ওয়ার্নের মৃত্যুর খবরটা আসে, যা স্বাভাবিকভাবে নাড়িয়ে দেয় অস্ট্রেলিয়া দলকে। বৃহস্পতিবার সাংবাদিকদের ওয়ার্নার বলেন, সেই দিনের অনুভূতি এখনও তাদের ভেতরে তাজা।

“যখনই আমি তার সঙ্গে মিলিত হয়েছি, তিনি সব সময় আমাকে বিয়ার খেতে, ডিনারে আসতে বলেছেন, পরামর্শ দিতে ও সাহায্য করতে চেয়েছেন।”

“তাকে খুব মিস করব। আমি সেখানে (শেষ বিদায় অনুষ্ঠান) থাকার চেষ্টা করব।”

পাকিস্তানে টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ২৯ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে প্রথম ওয়ানডে। সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্নারকে।