১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের সঙ্গে বন্ধুত্বের গল্প শোনালেন ক্লার্ক

কতভাবেই না পাশে ছিলেন শেন ওয়ার্ন। মাঠে যেমন, মাঠের বাইরেও তেমন। বয়সের এক যুগের ব্যবধান থাকলেও হয়ে ওঠেছিলেন বন্ধু। ক্রিকেটে খুব বেশি চল না থাকলেও নিজের জার্সি নম্বরটা দিয়ে দিয়েছিলেন তরুণ ব্যাটসম্যানকে। লেগ স্পিন জাদুকরের মৃত্যুতে এমন কত স্মৃতি এসে ভীড় করছে মাইকেল ক্লার্কের মনে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজের কলামে তুলে ধরলেন এর একটা অংশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 08:16 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

২০০৩ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ক্লার্কের। আর ওই বছরই থমকে যায় ওয়ার্নের ৫০ ওভার ক্রিকেটের ক্যারিয়ার। বিশ্বকাপ খেলে এই সংস্করণকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু আসর শুরুর ঠিক আগের দিন ধরা পড়েন মাদক পরীক্ষায়, নিষিদ্ধ হন এক বছরের জন্য। ১২ মাস পর ক্রিকেটে ফেরেন প্রতাপের সঙ্গেই। কিন্তু রঙ্গিন পোশাকে আর নামেননি অস্ট্রেলিয়ার হয়ে।

৪৯ নম্বর জার্সি নিয়ে ওয়ানডেতে পথচলা শুরু করেছিলেন ক্লার্ক। পরে তাকে ওয়ার্ন উপহার দেন নিজের জার্সি নম্বর- ২৩। এই জার্সি গায়ে জড়িয়েই ২০১৫ সালে অস্ট্রেলিয়ার পঞ্চম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন ক্লার্ক।

ওয়ার্নের মৃত্যুতে ভীষণ ব্যথিত ক্লার্ক। ‘দা ডেইলি টেলিগ্রাফ’ এ লেখা কলামে ভগ্নহৃদয়ে করলেন স্মৃতিচারণ।

“ক্রিকেট সব সময়ই সংখ্যার খেলা। শেন ওয়ার্নের সঙ্গে আমার সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেয় একটি সংখ্যাই-২৩… (আমার কাছে) ক্রিকেটে শার্ট নম্বর এক জনের পর আরেকজন পাওয়ার চল নেই। তবে আমার সব ভাবনাই বদলে যায়, যখন ওয়ার্নি এসে আমাকে তার ২৩ নম্বরটি নিতে বলেন, যেটা তিনি ওয়ানডে ক্রিকেটে পরেছেন।”

“…আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকব এবং এই সম্মান সারাজীবন ধরে রাখব। আমার কাছে, তার (জার্সি) নম্বর দেওয়ার এই ব্যাপারটি এটাই স্পষ্ট করে যে, অন্য যে কারোর চেয়ে তিনি আমাকে বেশি সমর্থন করেছেন।”

ক্লার্কের মতে, ওয়ার্নের মতো তাকে এত ভালো বুঝতেন না বেশিরভাগই। কঠিন সময়ে সবসময়ই বর্ণময় এই চরিত্রকে পাশে পেতেন তিনি।

“আমি জানি না, কেন তিনি প্রথম দিন থেকেই আমার প্রতি এত উদার, যত্নশীল ও ভালোবাসা দেখিয়েছেন, তবে তিনি এমনই ছিলেন। এমন কোনো সময় ছিল না যখন তাকে ফোন করতে পারতাম না। এমন একটা সময় ছিল না যখন আমি কাঁদতে পারতাম না। এমন কখনও হয়নি যে, আমার কোনো কিছু দরকার- আর তিনি সব ফেলে পাশে থাকেননি। এই কারণেই তাকে হারানো আমাকে এতটা কষ্ট দিচ্ছে।”

৩৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লার্কের চোখে, লেগ স্পিনার কিংবদন্তি ওয়ার্নের অবস্থান অনেক বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের মতো অনেক উঁচুতে।

“ওয়ার্নি যদি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটার নাও হন, তাহলেও তিনি স্যার ডন ব্র্যাডম্যানের কাতারে। তার ২৩ জার্সি নম্বর নিয়ে যেমনটা বলা হয়-ক্রিকেটের মাইকেল জর্ডান।”

মৃত্যুর দিন দুয়েক আগেও ওয়ার্নের সঙ্গে কথা হয়েছিল বলে জানালেন ৪০ বছর বয়সী ক্লার্ক। স্রেফ ৫২ বছর বয়সে বন্ধুর চলে যাওয়া মানতেই পারছেন না তিনি।

“আমার ও ক্রিকেটের আশেপাশের আরও অনেক মানুষের সঙ্গে তার বন্ধুত্বের ক্ষেত্রে এইসব কিছুই ছিল গৌণ। শেন কিথ ওয়ার্ন ছিলেন বিশ্বস্ত, যাকে তিনি ভালোবাসতেন তার জন্য যেকোনো কিছুই করতে পারতেন। গত সপ্তাহে তার মৃত্যুর দুই দিন আগেও আমাদের কথা হয়েছে এবং তাকে মনে হয়েছে অন্য সময়ের চেয়ে অনেক বেশি খুশি।”

ক্লার্ক নিজের কলামে তুলে ধরেছেন, তার অধিনায়কত্বে ওয়ার্নের কতটা প্রভাব ছিল।

“আমি সবসময় জেতার জন্য হারের ঝুঁকি নিতাম, আর তার খেলার ধরনও ছিল সেটাই। তিনি চাইতেন আমি যেন আগ্রাসী মনোভাব নিয়ে খেলি। স্থির হয়ে বসে থাকার বদলে সুযোগ এলেই খেলার সঙ্গে সম্পৃক্ত হতে তিনি আমাকে উৎসাহ দিতেন।”

“অস্ট্রেলিয়ার হয়ে আমি যাদের সঙ্গে খেলেছি তারা দেখেছে যে, একজন সতীর্থ হিসেবে ওয়ার্নি আমাকে কতটা সমর্থন দিয়েছেন। তিনি যখন আমার খেলা নিয়ে মন্তব্য করতেন, আমার নিজেরই মনে হতো পক্ষপাতিত্ব করছেন! আমি ডাক মারলে কিংবা বাজে শট খেললেও তিনি বলতেন, বলটা ভালো ছিল।”

ওয়ার্ন থাইল্যান্ড থেকে ফিরলে তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করে রেখেছিলেন ক্লার্ক। ক্রিকেটের এই গ্রেট ঠিকই ফিরেছেন অস্ট্রেলিয়ায়, কিন্তু কফিনে নিথর হয়ে। গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে অসীমের পানে পাড়ি জমান লেগ স্পিন জাদুকর।