২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফিল্ডিং কোচ পেল বাংলাদেশ

ক‍্যাচ হাতছাড়া করে একের পর এক ম‍্যাচে মাশুল দেওয়া বাংলাদেশ পেয়েছে নতুন ফিল্ডিং কোচ। দুই দশকের কোচিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ শেন ম‍্যাকডারমটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 11:00 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

দক্ষিণ আফ্রিকা সফরের আগে এ নিয়ে দুই জন নতুন কোচ পেল বাংলাদেশ। গত শুক্রবার পেস বোলিং কোচ হিসবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ‍্যালান ডোনাল্ডকে নিয়োগ দেয় তারা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ম‍্যাকডারমটকে নিয়োগ দেওয়ার খবর।

বাংলাদেশে আগেও কাজ করে যাওয়া ৪১ বছর বয়সী ম‍্যাকডারমটের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের নভেম্বর পর্যন্ত। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ, হাই পারফরম‍্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফর দিযে শুরু হবে তার কাজ। আগামী ১১ মার্চ দেশ ছাড়তে যাওয়া দলের সঙ্গে ঢাকাতেই যোগ দেবেন তিনি।

শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ ছিলেন ম‍্যাকডারমট, ছিলেন তাদের ‘এ’ দলের প্রধান কোচ। অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। এছাড়াও স্বদেশের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি ও ক্রিকেট তাসমিয়ায় কোচিং করিয়েছেন তিনি।

এমন একটা সময়ে বাংলাদেশের কোচ হয়ে আসছেন ম‍্যাকডারমট, যখন ফিল্ডিংয়ে ভীষণ ধুঁকছে দল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম‍্যাচ ছেড়েছে ৯ ক‍্যাচ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভুগেছে ক‍্যাচ ছেড়ে।

দলের ব্যর্থতার জন্য ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ। পরে দুটি সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন মিজানুর রহমান বাবুল। আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং কোচ ছিলেন রাজিন সালেহ।

এবার ক‍্যাচিংসহ সামগ্রিক ফিল্ডিংয়ে উন্নতির দায়িত্ব পেলেন ম‍্যাকডারমট।