আফগানিস্তান জুজুর ভয় কাটছে বাংলাদেশের
জিতলে প্রশংসা নেই, হারলে বিদ্ধ হতে হয় প্রবল সমালোচনায়- এমন অস্বাভাবিক চাপ সামলে খেলা মোটেও সহজ নয়। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই ঠিক তাই, সাকিব-মুশফিকদের শরীরী ভাষাতেই সেটা অনেকটা ফুটে উঠে। তবে এবারের সিরিজে দেখা যাচ্ছে ব্যতিক্রম। বাংলাদেশের ক্রিকেটারদের চোখে-মুখে ও তাদের খেলায় পরিকল্পনা ও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্টই বোঝা যাচ্ছে।
রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান অনেকবারই ভুগিয়েছেন বাংলাদেশকে। এই স্পিন ত্রয়ীকে সামলাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। এক সময়ে রশিদের লেগ স্পিন সামলাতে মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানও রেখেছিল বাংলাদেশ।
২০১৪ সালে দুই দলের প্রথম দেখাতেই হেরেছিল বাংলাদেশ। এশিয়া কাপে সেটা বড় ধাক্কা ছিল নিশ্চিতভাবেই। অবশ্য পরে আরও বড় ধাক্কা সইতে হয়েছে। একবার, দুবার নয়, অনেকবার।
২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছাড়ে আফগানরা। সেই বছরই এশিয়া কাপে ওয়ানডেতে দুই দেখার একটিতে আবারও হেরে বসে বাংলাদেশ, জিতেছিল পরেরটিতে।
সবচেয়ে বড় ধাক্কাটা বাংলাদেশ খায় ২০১৯ সালে। হেরে যায় চট্টগ্রামে একমাত্র টেস্টে। এর পরপরই জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জেতে একটি ম্যাচ। বৃষ্টিতে ফাইনাল ভেসে যাওয়ায় দুই দল হয় যৌথ চ্যাম্পিয়ন।
সে সময়ের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে। তার সেই কথায় তখন দ্বিমত করেননি কেউই।
রশিদ, মুজিব, নবিসহ দলটির অনেকে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ। অভিষেক হয়নি কিংবা জাতীয় দলের ধারেকাছে নেই, এমন ক্রিকেটাররাও দল পান বিভিন্ন টুর্নামেন্টে। ক্রিকেটে নবীন দেশ হলেও তাই টি-টোয়েন্টিতে অগ্রসর দলই আফগানিস্তান।
ওয়ানডেতেও বাংলাদেশের জন্য হয়ে উঠছে বড় হুমকি। তবে দুটি বিশ্বকাপে তাদের বিপক্ষে জয় এবং দেশের মাঠে দুটি সিরিজে ২-১ ব্যবধানের জয়ে আপাতত ৫০ ওভারের ক্রিকেটে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ।
তিন ম্যাচ মিলিয়ে রহস্য স্পিনার মুজিব পান কেবল ১ উইকেট, অভিজ্ঞ অফ স্পিনিং অলরাউন্ডার নবি নিতে পারেন কেবল দুটি, লেগ স্পিনে ৫ শিকার ধরেন রশিদ।
তাদের বলে ব্যাটসম্যানরা যে কেবল উইকেট কম দিয়েছেন, তাই নয়। তিন স্পিনারকে খেলেনও তারা সাবলীলভাবে। প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানো জুটি গড়ার পথে তিন স্পিনারকে অনায়াসে খেলেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির পথে একই কাজ করেন লিটন দাসও।
নতুন বলে মুজিব কিংবা মাঝের ওভারগুলোয় রশিদের ডেলিভারি সামলাতে গিয়ে যেন কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। হাত থেকে পড়তে না পেরে পিচ করার পর ডেলিভারি বোঝার চেষ্টায় দেখা যেত নাজেহাল অবস্থা। বিশেষ করে গুগলিগুলো যেন ছিল বিভীষিকা।
এখন হয়তো হাত থেকে ডেলিভারি বুঝতে শুরু করেছেন লিটনরা। অন্তত তেমন ইঙ্গিত মিলেছে আফগানিস্তানের এবারের সিরিজে।
বিপিএলের সময় ফরচুন বরিশাল সতীর্থ নুরুল হাসান সোহান বলেছিলেন, মুজিবের রহস্য নেটে ধরতে চান তারা। সেটা কতটা পেরেছেন সময়ই বলবে, তবে বিপিএলেই তরুণ এই স্পিনারকে খেলার অভিজ্ঞতা থেকে এবার চমৎকারভাবে সামাল দিচ্ছেন লিটন। আগের মতো ওভারগুলো কোনোমতে কাটিয়ে দেওয়াতে সীমাবদ্ধ নেই, সুযোগ পেলেই মারছেন বাউন্ডারি। কখনও কখনও সুযোগ তৈরিও করে নিয়েছেন।
তবে রশিদ এখনও রয়ে গেছেন বড় চ্যালেঞ্জ হয়ে। তৃতীয় ওয়ানডেতে মাঝের ওভারগুলোয় তার বোলিংই ঘুরিয়ে দেয় ম্যাচ। প্রথম টি-টোয়েন্টিতেও আঁটসাঁট বোলিংয়ে দেন কেবল ১৫ রান। তবে তাকে সামলাতে যে শঙ্কা আর অনিশ্চয়তার ঢেউ দেখা যেত আগে, সেটা এখন আর নেই। খেলতে খেলতে রশিদেও অভ্যস্ত হয়ে উঠছে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে তাই একসঙ্গে অনেক কিছুর হাতছানি। সিরিজ জয়ের পাশাপাশি মনের বাঘকে শেষ করার সুযোগ। আর দেরাদুনে সেই হোয়াইটওয়াশড হওয়ার ক্ষতে প্রলেপ দেওয়ার তাড়না তো আছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা তিনটায়।
