২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল শুরু ২৬ মার্চ

সম্প্রচার স্বত্ব পাওয়া স্টারের চাওয়া মেনে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আসছে আসর শুরুর জন্য ২৬ মার্চকেই বেছে নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 11:22 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৃহস্পতিবারের সভা শেষে চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, স্টেডিয়ামে থাকবে দর্শক।

তিনি নিশ্চিত করেন, প্রাথমিক পর্বের সব ম্যাচ হবে মহারাষ্ট্র রাজ্যে। ৫৫ ম‍্যাচ হবে মুম্বাইয়ের তিন স্টেডিয়ামে, বাকি ১৫টি পুনের একটিতে।

“২৬ মার্চ আইপিএল মাঠে গড়াবে, পুরো সূচি শিগগিরই জানানো হবে। মহারাষ্ট্র সরকারের নীতি অনুযায়ী দর্শকও মাঠে থাকবে। স্টেডিয়ামের ধারণক্ষমতার ২০ নাকি ২৫ শতাংশ থাকবে তা সরকারি নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সংবাদ মাধ্যমের খবর, আহমেদাবাদে হতে পারে শেষ চারটি ম্যাচ। ২৯ মে হবে ফাইনাল। ব্রিজেশ জানান, প্লে-অফ নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন তারা।

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসর হয় ১০ দল নিয়ে। পরের দুই বছরে অংশ নেয় ৯টি করে দল। বাকি আসরগুলোয় খেলেছে আট দল করে।

এবার ফিরেছে ১০ দলের আসর। নতুন দুই দল গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।