২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাক লাগানো বোলিংয়ে তন্ময়ের ৯ উইকেট

এমনিতে পাদপ্রদীপের আলোর একটু বাইরেই থাকে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। সেই টুর্নামেন্টেই এবার বিস্ময় জাগানিয়া বোলিং উপহার দিয়ে নজর কাড়লেন তন্ময় আহমেদ। বাঁহাতি এই স্পিনার এক ম্যাচেই নিলেন ৯ উইকেট!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 09:09 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে বুধবার অসাধারণ এই পারফরম্যান্স দেখান তন্ময়। বিকেএসপি ৩ নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে ৭.৩ ওভারে ১৮ রান দিয়ে তিনি নেন ৯ উইকেট। এর মধ্যে ছিল হ্যাটট্রিকও।

তন্ময়ের দুর্দান্ত বোলিংয়ে পুলিশ দল অলআউট হয়ে যায় কেবল ৪৪ রানে। ওয়ান্ডারার্স ম্যাচ জিতে যায় ৯ উইকেটে।

দ্বিতীয় বিভাগ ক্রিকেট বাংলাদেশের অনেক পুরনো আসর হলেও বিশ্ব ক্রিকেটের আঙিনায় স্বীকৃত কিছু নয়। তবে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি সব পর্যায় মিলিয়েও খুব বেশি থাকার কথা নয়।

৫০ ওভারের স্বীকৃত ক্রিকেট বা লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড ভারতের শাহবাজ নাদিমের। ২০১৮ সালে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের হয়ে রাজস্থানের বিপক্ষে এই বাঁহাতি স্পিনার ৮ উইকেট নিয়েছিলেন ১০ ওভারে ১০ রান দিয়ে।