মাহমুদউল্লাহ-তামিমদের শঙ্কায় ফেলে চূড়ায় সাকিবের বরিশাল
ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে টানলেন তামিম ইকবাল। কিন্তু দারুণ ছন্দে থাকা বাঁহাতি ওপেনারকে তেমন একটা সঙ্গ দিতে পারলেন না মিনিস্টার ঢাকার কেউ। শুভাগত হোম শেষ পর্যন্ত টিকে থাকলেন বটে, কিন্তু পারলেন না প্রত্যাশিত ঝড় তুলতে। তবে প্রত্যাশা অনেকটাই মেটালেন ফরচুন বরিশালের মুনিম শাহরিয়ার। তরুণ ওপেনারের ঝড়ো শুরুর পর চমৎকার ফিফটিতে বাকিটা সারলেন সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছে বরিশাল। ১২৮ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে তারা।
বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দীপ্তি ছড়ালেন সাকিব। ২৯ বলে দুই ছক্কা ও ছয়টি চারে অপরাজিত থাকলেন ৫১ রানে। অলরাউন্ড নৈপুণ্যে টানা পাঁচ ম্যাচে জিতলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার!
চার ম্যাচে তৃতীয় ফিফটিতে ম্যাচের শেষটায় নায়ক সাকিবই। তবে শুরুতে ঝলক দেখান তামিম। ৫০ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৬৬ রান। দলের বাকি সবাই মিলেও করতে পারেননি তার সমান রান।
১০ ম্যাচে সপ্তম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় থেকে আপাতত প্রাথমিক পর্ব শেষ করল বরিশাল।
১০ ম্যাচে পঞ্চম হারের পর বাদ পড়ার শঙ্কায় ঢাকা। ৯ পয়েন্ট নিয়ে এখনও তিন নম্বরে আছে তারা। কিন্তু প্রাথমিক পর্বের শেষ দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স নিজেদের ম্যাচ জিতলে বিদায় নিতে হবে মাহমুদউল্লাহদের।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। একাদশের ফিরে প্রিয় পজিশন ওপেনিংয়েও ফেরা মোহাম্মদ নাঈম শেখ বের হতে পারেননি ব্যর্থতার চক্র ভেঙে। ম্যাচের দ্বিতীয় ওভারে শফিকুল ইসলামের বলে একটি চার মেরে সেই ওভারেই বিদায় নেন তিনি। শর্ট বল শাফল করে পুল করার চেষ্টায় ঠিক মতো পারেননি। ব্যাটের ওপরের কানায় লেগে সহজ ক্যাচ যায় মিড অফে।
আগের ইনিংসের শেষ দিকে বিপজ্জনক কলিন ইনগ্রামকে ফিরিয়ে ম্যাচ মোড় ঘুরিয়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত এবার বল হাতে পান পাওয়ার প্লের ভেতরে। যার জন্য অফ স্পিনারকে আনা, সেই তামিম তাকে স্বাগত জানান টানা দুই চার মেরে।
পাওয়ার প্লেতে ঢাকা ২ উইকেটে করতে পারে কেবল ৩৮ রান। ২৭ রানই আসে তামিমের ব্যাট থেকে।
বোলিংয়ে এসে প্রথম ওভারেই শিকার ধরেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডারের লেংথ বল বেরিয়ে এসে ছক্কায় ওড়ানোর চেষ্টায় মাহমুদউল্লাহ ধরা পড়েন সীমানায়। অনেকটা ছুটে এসে চমৎকার ক্যাচ নেন মেহেদি হাসান রানা।
এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য পাশে তামিম খেলে যান নিজের মতো করে। দশম ওভারে অলরাউন্ডার জিয়াউর রহমানকে মারেন টানা তিন চার। আগের ম্যাচে শেষ দিকে ঝড় তোলা শামসুর রহমান এবার ব্যর্থ। ৮ বল খেলে করেন কেবল ৩ রান।
ত্রয়োদশ ওভারে মুজিবের বলে সিঙ্গেল নিয়ে তামিম পৌঁছান ক্যারিয়ারের ৪৪তম পঞ্চাশে।
খুলনা টাইগার্সের শেষ ওভারে দুই ছক্কায় ঢাকাকে জেতানো শুভাগত এবার ইনিংসের শুরুতে ছিলেন সাবধানী। প্রথম ৯ বলে করেন কেবল ১ রান। এরপর ব্রাভোকে চমৎকার দুই শটে বাউন্ডারি মেরে রানের গতি বাড়ানোর আভাস দেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
পরের ওভারে সাকিবের বলে মারেন ছক্কা। শফিকুলকে চার ও ছক্কা হাঁকান তামিম। এরপর যেতে পারেননি বেশিদূর। মেহেদি রানার অফ স্টাম্পের বাইরের বল তাড়ার চেষ্টায় ধরা পড়েন কিপারের গ্লাভসে।
এই বিপিএলে এটি তার পঞ্চম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
শেষ ৪ ওভারে ৫ উইকেট হারানো ঢাকা মেটাতে পারেনি সময়ের দাবি। ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন আসা ও যাওয়ায়। থিতু ব্যাটসম্যান শুভাগত পারেননি প্রত্যাশা মেটাতে। শেষ দিকে টাইমিং করতে ভোগা এই অলরাউন্ডার ২৭ বলে অপরাজিত থাকেন ২১ রানে।
দৃঢ় ভিত কাজে লাগান শান্ত ও সাকিব। বলে-বলে রান করে যান শান্ত। শুরুতে একটু সময় নেওয়া সাকিব দ্বাদশ ওভারে চড়াও হন আজমতউল্লাহর উপর। আফগান পেসারকে টানা পাঁচ বলে মারেন চারটি চার ও একটি ছক্কা। ২৩ রানে সেই ওভারেই মোটামুটি ম্যাচের ফয়সালা হয়ে যায়।
এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা শফিউলকে মিডউইকেট দিয়ে গ্যালারিতে উড়িয়ে ফেলে পঞ্চাশের কাছে পৌঁছে যান। ফজলহক ফারুকিকে চার মেরে ফিফটি স্পর্শ করেন সাকিব। পরের বলে ওয়াইড থেকে এসে যায় জয়।
অধিনায়ক সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৫২ বলে ৮৩ রানের জুটি গড়া শান্ত ২৮ বলে দুই চারে করেন ২৮।
নিজেদের কাজটা করতে না পারা ঢাকার তাকিয়ে থাকতে হবে শনিবারের দুই ম্যাচের দিকে। প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম। পরেরটিতে খুলনার প্রতিপক্ষ আগের সেরা দুইয়ে থাকা নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সংক্ষিপ্ত স্কোর:
মিনিস্টার ঢাকা: ২০ ওভারে ১২৮/৯ (নাঈম ৬, তামিম ৬৬, জহুরুল ২. মাহমুদউল্লাহ ৩, শুভাগত ২১*, আজমতউল্লাহ ২, কাইস ৮, শফিউল ০, রুবেল ৬; মুজিব ৪-০-১৫-১, শফিকুল ৪-০-৩৬-২, শান্ত ১-০-৯-০, সাকিব ৪-০-২১-১, জিয়া ১-০-১৩-০, মেহেদি রানা ২-০-১২-২)
ফরচুন বরিশাল: ১৫.৩ ওভারে ১২৯/৩ (মুনিম ৩৭, গেইল ৭, শান্ত ২৮*, সাকিব ৫১*; রুবেল ৩-০-১৬-০, ফারুকি ২.৩-০-২২-০, শফিউল ৪-০-২৬-১, কাইস ১-০-১৫-১, আজমতউল্লাহ ২-০-২৯-০, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০)
ফল: ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান
