২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে বাংলাদেশের কোথায় ভুল, দেখালেন গিবসন

এমনিতেই সবুজ উইকেট। তারওপর আকাশে মেঘের আনাগোনা। পেস বোলারদের জন‍্য জিভে জল আনার মতোই পরিস্থিতি। এমন কন্ডিশনেই কী-না আগে বোলিং করে সারাদিনে কেবল একটি উইকেট নিতে পারলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনরা। প্রথম দিনের খেলা শেষে তাদের ব‍্যর্থতার পেছনের কারণগুলো দেখিয়ে দিলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 05:29 PM

Updated : 02 Aug 2022, 02:31 PM

হ‍্যাগলি ওভালে রোববার প্রথম দিন ১ উইকেটে ৩৪৯ রান করেছে নিউ জিল‍্যান্ড। ১৮৬ রানে খেলছেন টম ল‍্যাথাম, ৯৯ রানে অপরাজিত ডেভন কনওয়ে।

ল‍্যাথাম, উইল ইয়াং ও কনওয়ের দৃঢ়তায় এই মাঠে টেস্টে প্রথম দুই উইকেটেই রেকর্ড জুটি পেয়েছে নিউ জিল‍্যান্ড। বাংলাদেশের সাদামাটা বোলিংয়ে সফরকারীরা রানের জোয়ার বইয়ে দিয়েছে।

প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯২ রান তোলে নিউ জিল‍্যান্ড। মাঝের সেশনে ইয়াংকে হারিয়ে ২৯ ওভারে ১১০। শেষ সেশনে ৩৬ ওভারে ল‍্যাথাম ও কনওয়ে যোগ করেন ১৪৭ রান। 

বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মলেন আসা গিবসন বললেন, নিজেদের বাজে বোলিং ও স্বাগতিকদের ভালো ব‍্যাটিংয়ের চিত্রই ফুটে উঠেছে স্কোর বোর্ডে।

“ওরা অবশ্যই খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে, গত সপ্তাহে আমরা গোছানো বোলিংয়ের যে নজির দেখিয়েছিলাম, এবার তা পারিনি। ল্যাথাম খুব ভালো খেলেছে। সকালে আমাদের অনেক ভালো বল সে ছেড়েছে এবং আমাদেরকে বাধ্য করেছে তার শরীরে বল করতে। আর যেটা বললাম, গত সপ্তাহে যে চাপ সৃষ্টি করতে পেরেছিলাম, এবার তা করার মতো যথেষ্ট ভালো বল আমরা করতে পারিনি। আর কনওয়ে অবিশ্বাস্য ফর্মে আছে, তাই না? সে গিয়ে সবকিছুই সহজ করে তুলেছে।”

“আমার মনে হয়, উইকেটের সবুজ দেখলে যেমনটি মনে হয়, বল ততটা মুভ করেনি আজকে। যতটা প্রত্যাশা ছিল, ততটা করেনি বলে মনে হয় না আমাদের। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। যতটা ভালো বোলিং করা উচিত ছিল, ততটা ভালোও আমরা করতে পারিনি।”

এর পেছনে বাংলাদেশের বোলারদের অনভিজ্ঞতারও একটা দায় দেখেন গিবসন।

“বোলিং আক্রমণের যে অনভিজ্ঞতা…১২ ম্যাচ খেলেই ইবাদত আমাদের সবচেয়ে অভিজ্ঞ পেসার। শরিফুল তার তৃতীয় বা চতুর্থ টেস্ট খেলছে, তাসকিন খেলেছে ৯টি। তাদের অনভিজ্ঞতা দেখলে এবং গত সপ্তাহে যারা যে জায়গায় পৌঁছেছে শেখার দিক থেকে… আজকের দিনটিও তাদের জন্য শিক্ষার… আন্তর্জাতিক ক্রিকেট কঠিন ব্যাপার”

“প্রতিটি পরিস্থিতির জন্য এখানে প্রস্তুত থাকতে হয়। দুভার্গ্যজনকভাবে, গত সপ্তাহের শৃঙ্খলা আমরা আজকে দেখাতে পারিনি। মানসিকতা আজকে ভালো ছিল। স্রেফ যতটা গোছানো দরকার ছিল, ততটা ছিলাম না আমরা। যেটা বলেছি, আমাদের ধারণা ছিল উইকেটে সহায়তা যতটা মিলেছে, তার চেয়ে বেশি থাকবে। যখন আমরা ফুল লেংথে বল করেছি, খুব বেশি সিম মুভমেন্ট ছিল না। নিউ জিল্যান্ডের বোলাররা তা কাজে লাগিয়েছে।”

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সেই ‍ম‍্যাচে খুব একটা লড়াই করতে না পারা নিউ জিল‍্যান্ড খেলছে সিরিজ বাঁচাতে। প্রথম দিন তাদের খেলায় বাড়তি নিবেদন চোখে পড়েছে গিবসনের। 

“আজকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের ওঠা-নামা দেখতে পেলাম। গত সপ্তাহে আমরা অবশ্যই উঁচুতে ছিলাম। তবে গত সপ্তাহের আবেগ ও শারীরিক সম্পৃক্ততার যে মাত্রা ছিল, সম্ভবত সেটির প্রভাব এখনও অনুভব করছি আমরা। নিউ জিল্যান্ড গত সপ্তাহে নিশ্চয়ই চোট পেয়েছে এবং এখানে ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছে, কেন তারা বিশ্বের সেরা দলগুলির একটি। কেন তারা গদাটি (টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি) পেয়েছে। তারা আরও বেশি নিবেদন দেখিয়েছে, বল অনেক ভালোভাবে ছেড়েছে এবং দেখিয়েছে, কেন তারা এখন মুকুট ধরে রেখেছে।”