ক্রাইস্টচার্চের সবুজে নিউ জিল্যান্ডেরও চ্যালেঞ্জ দেখছেন সাকিব
সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিউ জিল্যান্ড সাজিয়ে রাখছে সবুজের গালিচা। ক্রাইস্টচার্চের উইকেটে থাকবে অনেক ঘাস, মিলবে মুভমেন্ট ও বাউন্স। তবে সাকিব আল হাসানের মতে, চ্যালেঞ্জটা কম হবে না কিউইদের জন্যও। বাংলাদেশের পেস আক্রমণও যে আছে ছন্দে!
নিউ জিল্যান্ডের উইকেটে সাধারণত যতটা ঘাস থাকে, এবার প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটে ছিল না ততটা। গতিও ছিল খানিকটা কম। ক্রাইস্টচার্চে যে সেসবের কম থাকবে না, রস টেইলর তা জানিয়েই দিয়েছেন শুক্রবার। নিজের বিদায়ী টেস্টের আগে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান বলেছেন, ক্রাইস্টচার্চের উইকেট দেখে জিভে জল চলে আসবে বোলারদের।
তবে শুধু সাউদি-বোল্টদের নয়, খুশির নাচন থাকবে তাসকিন-ইবাদত-শরিফুলদের চোখেমুখেও। ঢাকায় শুক্রবার একটি মোবাইল ফোন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ক্রাইস্টচার্চের ২২ গজে শিকার ধরতে মুখিয়ে থাকবে বাংলাদেশের পেস আক্রমণ।
“সবুজ উইকেট হলেও, আমাদের জন্য যে সুবিধাটা থাকবে, আমাদের যে তিনটা বোলার আছে, তারাও খুব ভালো বল করেছে, আমাদের তিনজন। মিরাজ অসাধারণ বল করেছে। তবে আমাদের তিনজন সিমারই ভালো বল করেছে। ওদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের বোলারদেরও খেলতে হবে।”
প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকার আত্মবিশ্বাস দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বড় শক্তি হবে বলে আশা সাকিবের।
“এরকম একটা ম্যাচ জেতার পর যেমন হয় যে, সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আমি আশা করব, ওই আত্মবিশ্বাস যেন কাজে লাগে। এমন নয় যে কাজে লাগবেই। তবে কাজে লাগলে খুব ভালো হবে।”
প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সুবিধাটা পেয়েছিল বাংলাদেশ। সাকিবের মতে, দ্বিতীয় টেস্টে টস গড়ে দিতে পারে আরও বড় পার্থক্য।
“নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে (ব্যাটিংয়ে জন্য)। টসটা জিতে যদি ফিল্ডিং করা যায়, আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে দলের জন্য।”
