মন্থর সেশনে মাহমুদুল-মুশফিককে হারানোর ধাক্কা
নতুন দিনের প্রথম সেশনে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ছিল দুটি। প্রথমত, প্রথম ঘণ্টা নিরাপদে কাটানো। দ্বিতীয়ত, দ্বিতীয় নতুন বল পার করা। বাংলাদেশ ঠিকঠাক পারেনি কোনোটিই। দিনের শুরুতে হারাতে হয় মাহমুদুল হাসানকে, নতুন বলে মুশফিকুর রহিমকে। নিউ জিল্যান্ডের এই জোড়া ধাক্কায় নড়ে গেছে বাংলাদেশের শক্ত ভিত।
মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশের রান প্রথম ইনিংসে ৪ উইকেটে ২২০।
সোমবার প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে রান উঠেছে মাত্র ৪৫।
৭০ রানে দিন শুরু করে মাহমুদুল আউট হন ৭৮ রানে। এরপর অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ৫৩ বলে ১২ করে।
৮ রানে জীবন পেয়ে ও ৯ রানে ক্যাচ দিয়েও নো বলে বেঁচে গিয়ে মুমিনুল টিকে আছেন ১৭ রান করে। গোটা সেশনে ৭২ বল খেলে বাংলাদেশ অধিনায়ক করতে পারেন কেবল ৯ রান। অনেকবারই অস্বস্তিতে পড়েছেন তিনি, তবে হাল না ছেড়ে ঠাণ্ডা মাথায় আঁকড়ে আছেন উইকেট।
নিউ জিল্যান্ডের সব বোলারই আগের দিনের চেয়ে অনেক ভালো বল করেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের তারা সুযোগ দেন সামান্যই।
বাংলাদেশ দিন শুরু করে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। আগের দিন দারুণ ধৈর্য দেখানো মাহমুদুল নতুন দিনে আবির্ভুত হন নতুন রূপে। এ দিন শুরু থেকেই তিনি ছিলেন একটু অস্থির। বারবার আলগা শট খেলতে থাকেন তিনি। ভুল না শুধরে পুনরাবৃত্তি করতে থাকেন আবার।
দিনের দ্বিতীয় বলে দারুণ একটু ড্রাইভে দুটি রান পান তিনি। সেটিই তার আত্মবিশ্বাস অতি বাড়িয়ে দেয় কিনা কে জানে। এরপর বারবারই শট খেলার চেষ্টা করলেন শরীর থেকে দূরে এবং পা না বাড়িয়ে। সেটির খেসারত দিতে হলো তাকে দিনের তৃতীয় ওভারে। নিল ওয়্যাগনারের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে তাড়া করে ধরা পড়লেন তিনি গালিতে।
মাহমুদুলের চমকপ্রদ ইনিংস শেষ হলো ২২৮ বলে ৭৮ রান করে। দেশের বাইরে নিজের প্রথম টেস্ট ইনিংসে এত বল খেলতে পারেননি বাংলাদেশের আর কেউ। মোহাম্মদ আশরাফুলের ২১২ বল (২০০১ সালে) ছিল আগের রেকর্ড।
একটু পরই আসতে পারত আরেকটি ধাক্কা। কাইল জেমিসনের বলে ফিরতি ক্যাচ দেন মুমিনুল। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা পেসার ফলো থ্রুতে ডানদিকে ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও হাতে জমাতে পারেননি।
দিনের প্রথম রানের দেখা পান মুমিনুল ৫০ মিনিট উইকেটে কাটিয়ে ২৯ বল খেলে। এরপরই ওয়্যাগনারের দারুণ এক ডেলিভারিতে ধরা পড়েন উইকেটের পেছনে। তবে কিউইদের উল্লাস একটু পরই থেমে যায় নো বলের সঙ্কেতে। তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটসের সিদ্ধান্তটি নিয়ে অবশ্য প্রশ্নের অবকাশ থাকল। বারবার রিপ্লে দেখেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না, আদৌ নো বল কিনা।
আরেকপ্রান্তে মুশফিক উইকেটে যাওয়ার পরপর ওয়্যাগনারকে অফ ড্রাইভে চার মেরে শুরু করেন। তবে কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তার রানের চাকাও আটকে যায়।
প্রথম ঘণ্টায় ১৪ ওভারে আসে ১৯ রান।
দ্বিতীয় নতুন বলে বোল্ট-সাউদির সামনে মাথা গুঁজেই খেলে যাচ্ছিলেন মুমিনল ও মুশফিক। তবে শেষ রক্ষা হয়নি। বোল্টের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভেঙে যায় মুশফিকের রক্ষ্ণণ। ওভার দা উইকেটে ৪ ওভার বোলিং করার পর অ্যাঙ্গেল বদলে রাউন্ড দা উইকেটে আসেন বাঁহাতি পেসার। স্টাম্পের অনেক দূর থেকে করেন ডেলিভারি। অ্যাঙ্গেল কাভার করতে না পেরে বোল্ড হন মুশফিক।
লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি মুমিনুল ও লিটন কুমার দাস। লিটন বেশ আত্মবিশ্বাসী শুরু করেছেন। অপরাজিত আছেন তিনি ১৭ বলে ১২ রান করে।
সংক্ষিপ্ত স্কোর (লাঞ্চ পর্যন্ত):
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস: (আগের দিন ১৭৫/২) ৯৩ ওভারে ২২০/৪ (মাহমুদুল ৭৮, মুমিনুল ১৭*, মুশফিক ১২, লিটন ১২*; সাউদি ২১-২-৫৮-০, বোল্ট ২০-৭-৪৪-১, জেমিসন ১৮-৮-৩৬-০, ওয়্যাগনার ২৩-৭-৪৩-৩, রবীন্দ্র ১১-১-২৯-০)
