সেঞ্চুরিয়ন দুর্গ জয় করেও পয়েন্ট হারাল ভারত
ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন দুর্গ জয় করেও পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না ভারতের। মন্থর ওভার-রেটের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা পড়ল তাদের।
১১৩ রানের জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করে ভারত। কিন্তু ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় শাস্তি পেল তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট।
একই সঙ্গে জরিমানা করা হয়েছে ক্রিকেটারদেরও। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভুল স্বীকার করে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে মন্থর ওভার-রেটের কারণে এ নিয়ে ৩ পয়েন্ট হারিয়েছে ভারত। ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলে তারা এখন চার নম্বরে।
