হারের রেকর্ডে বাংলাদেশের পাশে ইংল্যান্ড
অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ ফিরিয়ে নেওয়ার শেষ আশাটুকুও এবারের মতো শেষ হয়ে গেল। বক্সিং ডে টেস্টে হেরে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডেও নাম উঠে গেল ইংল্যান্ডের। যে রেকর্ড এতদিন ছিল শুধু বাংলাদেশের।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হেরে যায় ইনিংস ও ১৪ রানে। এই বছর এটি ইংলিশদের নবম টেস্ট হার। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি হারের রেকর্ডে তারা স্পর্শ করল বাংলাদেশকে।
বাংলাদেশ ৯টি টেস্ট হেরেছিল ২০০৩ সালে।
দুই দলের একটা বড় পার্থক্য অবশ্য আছে। বাংলাদেশ ওই বছর ৯ টেস্ট খেলে হেরেছিল সবকটি। ইংল্যান্ড এ বছর ১৫ টেস্ট খেলে হারল ৯টিতে। তবে রেকর্ডটি যখন সবচেয়ে বেশি হারের, দুই দলই এখন পাশাপাশি।
এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি হারের রেকর্ডেও সবচেয়ে বেশিবার নাম আছে ইংল্যান্ডের। চার দফায় এই অভিজ্ঞতা আছে ইংলিশদের- ১৯৮৪, ১৯৮৬, ১৯৯৩ ও ২০১৬ সালে।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ৩টি ভিন্ন বছরে হেরেছে ৮টি করে টেস্ট-২০০৪, ২০০৫ ও ২০১৫ সালে।
বাংলাদেশ ৮ টেস্ট হেরেছে ২০০২ সালে ও ২০০৮ সালে।
