উইন্ডিজ-পাকিস্তানের ওয়ানডে সিরিজ স্থগিত
ওয়েস্ট ইন্ডিজ দলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেগেছিল শঙ্কা। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। স্থগিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন সূচিতে আগামী বছরের জুনে হবে তিন ম্যাচের এই সিরিজ।
একের পর এক ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গত রোববার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাঁহাতি পেসার শেলডন কটরেল, স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইস, কাইল মেয়ার্স কোভিড-১৯ পজিটিভ হন।
তৃতীয় টি-টোয়েন্টির দিন বৃহস্পতিবার সকালে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ক্রিকেটার আছেন শেই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। সঙ্গে পজিটিভ হয়েছেন সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিং। আক্রান্তদের থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে।
সব মিলিয়ে এখন ৬ ক্রিকেটার আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের দল সাজানোই দায়। তখন থেকেই উঁকি দিচ্ছে সফর বাতিলের সম্ভাবনা। যদিও শেষ পর্যন্ত তৃতীয় টি-টোয়েন্টি খেলছে দুই দল।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান।
