২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবসময় অ্যাটাকিং মুডে থাকার চেষ্টা করি’

মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার। স্বল্প সেই সুযোগে নাজমুল হোসেন শান্ত পারেননি নিজের ছাপ রাখতে। সেই সুযোগটা আবার পাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরার আগে টি-টোয়েন্টিতে নিজের ব্যাটিংয়ের দর্শনটা জানালেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই সংস্করণে আগ্রাসনই তার শেষ কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 11:18 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলে যে কজনকে আনা হয়েছে, তাদের একজন শান্ত।

দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি তিনি। ২০১৯ সালে দুটি আর এবছর একটি টি-টোয়েন্টি খেলে তার মোট রান মোটে ২৪। তবে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড খারাপ নয় এই সংস্করণে। ৭৩ ইনিংস খেলে ১ হাজার ৫৮৪ রান করেছেন, ১২৮.৯৯ স্ট্রাইক রেট বাংলাদেশের বাস্তবতায় যথেষ্টই ভালো।

বিসিবির ভিডিও বার্তায় বুধবার তিনি বললেন, স্ট্রাইক রেট ভালো রাখার সেই ধারা ধরে রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেটেও।

“টি-টোয়েন্টি নরম্যালি রানের খেলা। আমি যখনই ব্যাটিং করি, যে পরিস্থিতিই থাকুক, সবসময়ই লক্ষ্য থাকে যে আগ্রাসী ব্যাটিংই করব। সবসময় অ্যাটাকিং মুডে থাকার চেষ্টা করি।”

“অ্যাটাকিং মানেই যে প্রতি বল মারতে যাই, তা নয়। অবশ্যই বল বাই বল খেলার চেষ্টা করি। তবে চিন্তা-ভাবনা থাকে আক্রমণাত্মক থাকার।”

চোটের কারণে সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকা, মুশফিকুর রহিমের বিশ্রাম, লিটন দাস ও সৌম্য সরকার বাদ পড়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এখন অভিজ্ঞতা কমে গেছে অনেকটাই। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে এই সংস্করণে বাংলাদেশের নতুন পথচলা।

শান্তর মতে, যথেষ্ট যোগ্য বলেই তাদের সুযোগ মিলেছে।

“দলে যারা আছি আমরা, সবারই সামর্থ্য আছে। প্রতিটি ব্যাটসম্যানের দায়িত্ব নিয়ে খেলার সামর্থ্য আছে এবং আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে আসলে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। সবারই সামর্থ্য আছে বলেই এখানে আছি। দায়িত্ব বেশি-কম বলেও কিছু নেই। প্রত্যেকেরই নিজের দায়িত্ব পালন করতে হবে এবং সেই সামর্থ্য সবার আছে।”

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি শুক্র, শনি ও সোমবার।