সাদমান-ফরহাদের সেঞ্চুরি
আগের দুই রাউন্ডেও হেসেছিল তার ব্যাট। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে যদিও শেষ পর্যন্ত হয়েছিলেন হতাশ। তবে এবার ভুল করেননি ঢাকা মেট্রোর সাদমান ইসলাম। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন বাংলাদেশের টেস্ট ওপেনার।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন রাজশাহী বিভাগের ফরহাদ হোসেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে চট্টগ্রামের বড় ইনিংসের জবাবে দারুণ লড়াই করছে মেট্রো। ৮ উইকেটে ৪০৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। আর কেবল ৩৮ রানে পিছিয়ে দলটি।
এ মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে নিজেকে ভালোই ঝালিয়ে নিচ্ছেন সাদমান। এবার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩২ রানের ইনিংস খেলেছেন আগের দুই রাউন্ডে ৭৫ ও ৭৯ রানের ইনিংস খেলা এই বাঁহাতি।
মাথায় আঘাত পাওয়া আল আমিন জুনিয়রের কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নেমে ৬৪ রান করেন মুনিম শাহরিয়ার। শরিফুল্লাহর ব্যাট থেকে আসে ৭৫। আমিনুল ইসলাম ৫০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
৪ উইকেটে ১১৯ রান নিয়ে মঙ্গলবার দিন শুরু করে মেট্রো। আগের দিন ৬৭ রানে অপরাজিত থাকা সাদমান সেঞ্চুরি তুলে নেন ১৮২ বলে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে যা তার দশম।
রকিবুল হাসান ও সাদমানের জমে যাওয়া ৬৭ রানের জুটি ভাঙে রকিবুলের বিদায়ে। মুনিমকে নিয়ে এরপর দলের রান বাড়ান সাদমান। জুটির রান পঞ্চাশ ছোঁয়ার আগেই ফিরে যান তিনি। হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হন ১৩২ রানে। ইনিংসে তার ১৭ চারের সঙ্গে একটি ছক্কা।
মুনিম ফিফটি স্পর্শ করেন ৯৫ বলে। শরিফুল্লাহর সঙ্গে তার ৮৩ রানের জুটিতে দলের রান পার হয় তিনশ। দারুণ খেলতে থাকা এই ব্যাটসম্যান ফিরে যান ৬৪ রান করে।
৯২ বলে ফিফটি তুলে নিয়ে শরিফুল্লাহ এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু তার ১২ চারে ৭৫ রানের ইনিংস থামিয়ে দেন বাঁহাতি স্পিনার মুরাদ।
শেষ দিকে দারুণ ব্যাটিংয়ে ফিফটি করেন আমিনুল। আগের রাউন্ডে করেছিলেন ৬৫। তার ও আবু হায়দার রনির ব্যাটে লিড নেওয়ার স্বপ্ন দেখছে মেট্রো।
তিন দিনে দুই দলের এখনও প্রথম ইনিংসই শেষ হয়নি। শেষ দিনে দারুণ কোনো নাটকীয়তা না হলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৪৫/৯ ডি.
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ১১৯/৪) ১১৮ ওভারে ৪০৭/৮ (সাদমান ১৩২, রকিবুল ২৩, মুনিম ৬৪, শরিফুল্লাহ ৭৫, আমিনুল ৫০*, আবু হায়দার ২*; মেহেদি রানা ২৬-৪-৮২-২, ইরফান ১৮-১-৭০-১, মেহেদি ১৩-৩-৪২-০, মুরাদ ২৯-৫-১০৩-৩, নাঈম ৩২-৫-১০৩-২)।
ফরহাদের ব্যাটে রাজশাহীর লিড
ব্যাট হাতে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেললেন ফরহাদ। বরিশাল বিভাগের বিপক্ষে অপরাজিত ইনিংসে রাজশাহী বিভাগকে এনে দিলেন লিড।
কক্সবাজারের একাডেমি মাঠে বরিশালের চারশ ছাড়ানো পুঁজির জবাবে রাজশাহী করেছে ৪৪১ রান। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বরিশাল। ৪৫ রানে এগিয়ে রয়েছে তারা।
আগের রাউন্ডে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া বরিশালের মনির হোসেন এবার প্রথম ইনিংসে নিলেন ৫টি।
৪ উইকেটে ২২৭ রান নিয়ে মঙ্গলবার দিন শুরু করা রাজশাহী দ্রুত হারায় তৌহিদ হৃদয়কে। ৬১ রান করে তিনি কট বিহাইন্ড হন রুয়েল মিয়ার বলে।
বাঁহাতি স্পিনার মনিরকে পরপর দুই ওভারে ছক্কায় ওড়ান প্রিতম কুমার। আগ্রাসী ব্যাটিংয়ে এগোতে থাকা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন মনিরই।
সানজামুলকে নিয়ে এগিয়ে যান ফরহাদ। জুটিতে দুইজনই স্পর্শ করেন ফিফটি। কিন্তু অর্ধশত করে বেশিদূর যেতে পারেননি সানজামুল। ৫ ছক্কা ও ৩ চারে ৭১ রান করে তিনি মইন খানের বলে ক্যাচ দেন রাফসান আল মাহমুদকে। ভাঙে ১১৯ রানের জুটি।
শেষ দিকে ফরহাদকে আর কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। এই ব্যাটসম্যান ২৪৭ বলে তুলে তার ক্যারিয়ারের অষ্টাদশ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭ চার ও এক ছক্কায় ১০৮ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।
দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামা বরিশাল শুরুতেই হারিয়ে বসে মোহাম্মদ আশরাফুলকে। দ্বিতীয় ওভারে নাহিদ রানার বলে কট বিহাইন্ড হয়ে যান তিনি।
এই পেসার টিকতে দেননি রাফসানকেও। ৩৫ রান তুলতে দুই ওপেনার হারানো দলের হাল ধরেন ফজলে মাহমুদ ও সালমান হোসেন। ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। ২৬ রান নিয়ে খেলছেন ফজলে মাহমুদ, ৩৯ রানে সালমান।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ৪০৪
রাজশাহী ১ম ইনিংস: (আগের দিন ২২৭/৪) ১৩৬.২ ওভারে ৪৪১ (হৃদয় ৬১, ফরহাদ ১০৮*, প্রিতম ২৪, সানজামুল ৭১, তাইজুল ৮, আসাদুজ্জামান ১৪, নাহিদ ০; রুয়েল ২২-১-৭৩-২, কামরুল ২৪-১-৬৬-০, মনির ৩২.২-৬-১০৭-৫, সোহাগ ২৪-৩-৭৯-১, আশরাফুল ১৭-১-৫২-১, ফজলে মাহমুদ ৪-০-১৩-০, মোসাদ্দেক ৮-০-২৬-০, মইন ৫-০-১১-১)।
বরিশাল ২য় ইনিংস: ২৩ ওভারে ৮২/২ (রাফসান ১৫, আশরাফুল ১, ফজলে মাহমুদ ২৬*, সালমান ৩৯*; আসাদুজ্জামান ২-০-১০-০, নাহিদ ৬-০-৪২-২, তাইজুল ৮-৩-১২-০, সানজামুল ৫-০-১৭-০, হৃদয় ২-১-১-০)।
