প্রস্তুতির আবহে শেষ ভালোর আশায় বাংলাদেশ
এই সিরিজ আয়োজনের পেছনে মূল ভাবনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। কিন্তু সিরিজ জয়ের লক্ষ্য পূরণ করার চেষ্টায় চাপা পড়ে যায় মাঠের প্রস্তুতি। অবশেষে শেষ ম্যাচে প্রাধান্য পেতে যাচ্ছে প্রস্তুতিই। আগের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার পর এবার বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশ শেষ ম্যাচে আনতে পারে একাধিক পরিবর্তন।
অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হতে পারে এই ম্যাচে। গত ম্যাচে হালকা চোট পাওয়া নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিনও পেতে পারেন বিশ্রাম। তাদের কারও চোট গুরুতর কিছু নয়। তবে ঝুঁকি না নেওয়া আর বাইরে থাকা অন্যদের সুযোগ দেওয়ার ভাবনায় এই দুজনও শেষ পর্যন্ত যেতে পারেন একাদশের বাইরে।
সেক্ষেত্রে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সৌম্য সরকার, শামীম হোসেন, তাসকিন আহমেদ তো বটেই, অতিরিক্ত তালিকায় থাকা আমিনুল ইসলাম বিপ্লবেরও ম্যাচ খেলার সুযোগ তৈরি হতে পারে এ দিন।
পরিবর্তন যতগুলোই হোক, শেষটা বাংলাদেশ জয় দিয়েই রাঙাতে চাইবে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পুনরাবৃত্তিই থাকবে কাঙ্ক্ষিত। নিজেদের আঙিনায় এই খর্বশক্তির নিউ জিল্যান্ড দলের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয় খুব একটা তৃপ্তিদায়ক হওয়ার কথা নয়!
জয়টা জরুরি র্যাঙ্কিংয়ের দিক থেকেও। এই সিরিজ ৫-০তে জিতলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। সেটা এখন আর সম্ভব নয়। তবে শেষ ম্যাচ জিতলে অস্ট্রেলিয়াকে টপকে ছয়ে থেকে সিরিজ শেষ করার সুযোগ আছে। হেরে গেলে পড়ে থাকতে হবে সাতে।
বিশ্বকাপ স্কোয়াডের একজনকেও না নিয়ে আসা নিউ জিল্যান্ড এই কন্ডিশন ও উইকেটে যেভাবে লড়েছে গোটা সিরিজে, তাতে তারা গর্ব খুঁজে নিতেই পারে। শেষটা ভালো করতে পারলে তাদের প্রচেষ্টার প্রতিফলন আরও উজ্জ্বলভাবে পড়তে পারে সিরিজের ফলাফলে। ৪-১ ব্যবধানের হার ও ৩-২ ব্যবধানের হারের মধ্যে পার্থক্য যে অনেক!
প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে যাওয়ার পর তারা যেভাবে দ্রুত মানিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং সীমিত সামর্থ্য নিয়েও বাংলাদেশকে বারবার চ্যালেঞ্জ জানিয়েছে, তাতে আরেকটি জয় পাওয়াও তাদের জন্য খুবই সম্ভব। দারুণ পেশাদার দলটি মরিয়া থাকবে সেই চেষ্টায়।
শেষ ম্যাচে তাদের একাদশে দেখা যেতে পারে পেসার ম্যাট হেনরিকে। তবে এই সিরিজে তাদের পেসারদের ভূমিকা এখনও পর্যন্ত সামান্যই। তিন স্পিনার এজাজ প্যাটেল, কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্র মিলে যথেষ্ট কঠিন সময় উপহার দিয়েছেন বাংলাদেশকে। শেষ ম্যাচেও তারা চাইবেন নিজেদের মেলে ধরতে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু যথারীতি বাংলাদেশ সময় বিকেল চারটায়।
