২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিচ রোলার ‘চুরির’ অভিযোগ উড়িয়ে দিলেন পারভেজ রসুল

জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) থেকে ‘চুরির’ অভিযোগে চিঠি পাওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পারভেজ রসুল। ভারতের এই ক্রিকেটার অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2021, 08:29 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

জম্মু ও কাশ্মীর থেকে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র ক্রিকেট রসুল। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে পা রেখেছিলেন এই আঙিনায়। এর তিন বছর পর ইংল্যান্ডের বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক।

জাতীয় দলের হয়ে শুরুতেই থেমে গেছে রসুলের পথচলা। ওই একটি করেই ম্যাচ খেলছেন তিনি ভারতের হয়ে। এখনও অবশ্য খেলা যাচ্ছেন ৩২ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার। জম্মু ও কাশ্মীর দলের অধিনায়ক তিনি।

নিজ অঞ্চলের ক্রিকেটের জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন রসুল। অথচ তার বিরুদ্ধেই আনা হলো চুরির অভিযোগ, দেওয়া হয়েছে পুলিশের হুমকি; মানতেই পারছেন না এই ক্রিকেটার।

“আপনাদের জানাচ্ছি যে আমি পারভেজ রসুল,  দেশকে প্রতিনিধিত্ব করা (জম্মু ও কাশ্মীরের) প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার এবং খেলেছি আইপিএলেও। দুলিপ ট্রফি, দেওধর ট্রফি, ভারত ‘এ’, বোর্ড প্রেসিডেন্ট একাদশ, ইরানি ট্রফিতে খেলেছি। গত ৬ বছর ধরে রঞ্জি দল জে অ্যান্ড কে এর অধিনায়কত্ব করেছি। বিসিসিআই থেকে সেরা অলরাউন্ডারের পুরস্কার দুইবার জেতা জম্মু ও কাশ্মীরের এক মাত্র ক্রিকেটার।”

“আজ আমি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে আমি জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেকেসিএ) রোলার নিয়েছি, যেটা খুবই দুর্ভাগ্যজনক। পরিষ্কার করে বলছি, জেকেসিএ-এর কোনো রোলার বা মেশিন আমি নেইনি। আমি একজন ক্রিকেটার, যে ক্রিকেট খেলছে। আমি কেবল জানতে চাই, একজন আন্তর্জাতিক ক্রিকেটার যে কিনা জে অ্যান্ড কে ক্রিকেটের জন্য মন-প্রাণ সব দিয়েছে; তার সঙ্গে এই ধরনের আচরণ! সব জেলায় একটি করে অনুমোদিত সংস্থা আছে, আমার পরিবর্তে জেকেসিএ-এর উচিত সরঞ্জামের কথা তাদের কাছে জিজ্ঞেস করা।”

ভারতের পত্রিকা দা ইন্ডিয়ান এক্সপ্রেসে জেকেসিএ-এর সাব-কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব) অনিল গুপ্তা জানান, বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। তার মতে, রসুলের জেলার ঠিকানা না থাকায় নিবন্ধনে নাম পেয়ে চিঠিটা তাকে পাঠানো হয়েছে।

“আমরা কেবল পারভেজ রসুলকে চিঠি দেইনি। সকল জেলা অ্যাসোসিয়েশনকে দিয়েছি, যারা শ্রীনগর থেকে জেকেসিএ-এর যন্ত্রপাতি নিয়েছে।”

“কোন রসিদ ছাড়াই জেলা অ্যাসোসিয়েশনের মধ্যে যন্ত্রপাতি বণ্টন করা হয়েছিল। অনেক জেলা রয়েছে যাদের ‘মেইলিং অ্যাডড্রেস’ নেই আমাদের কাছে। যাদের নাম আমাদের কাছে নিবন্ধিত ছিল (জেলা অনুসারে), আমরা চিঠিটি তাদের পাঠিয়েছি। সে (রসুল) ক্ষুব্ধ হয়েছে, তাকে কেন পাঠানো হলো এই নোটিশ।”