অ্যান্ডারসনের ৫ উইকেটের পর ব্যাটিংয়ে চাপে ইংল্যান্ড
দিনের দ্বিতীয় বলেই উইকেট, পরের ওভারে আরেকটি। দলের বাজে শুরুর পর কিছুটা লড়াই করলেন রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। তবে জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে ভারতের ইনিংস থেমে যায় সাড়ে তিনশ ছাড়িয়েই। পরে বোলিংয়ে ভালো করেছেন সফরকারী পেসাররাও। তিন উইকেট তুলে নিয়ে চাপে রেখেছেন ইংল্যান্ডকে।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংস থেমেছে ৩৬৪ রানে। ইংল্যান্ড শুক্রবার দিন শেষ করেছে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে। স্বাগতিকদের সবচেয়ে বড় ভরসা জো রুট ব্যাট করছেন ৪৮ রানে।
ভারতকে চারশর আগে থামিয়ে দেওয়ার মূল কারিগর অ্যান্ডারসন ৬২ রানে নেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটে তার চেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কেবল পাঁচ জন।
পেস সহায়ক উইকেটে ৩ উইকেটে ২৭৬ রান নিয়ে খেলতে নামা ভারতের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। পরপর দুই ওভারে তারা হারায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে। দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন অলিভার রবিনসন। গত দিনের সঙ্গে মাত্র ২ রান যোগ করতেই কাভারে সহজ ক্যাচ দিয়ে এই ওপেনার থামেন ১২৯ রানে।
পরের ওভারে জেমস অ্যান্ডারসনের শিকার অজিঙ্কা রাহানে। প্রথম স্লিপে ধরা পড়া ভারত সহ-অধিনায়ক করেন কেবল ১ রান।
চাপে পড়া দলের হাল ধরেন পান্ত ও জাদেজা। তাদের ব্যাটে তিনশ পেরিয়ে এগোতে থাকে ভারত। কিন্তু পান্তকে বেশিদূর যেতে দেননি মার্ক উড। কিপার-ব্যাটসম্যানকে কট বিহাইন্ড করে ভাঙেন ৪৯ রানের জুটি।
এরপর আর ভারতের ইনিংসও স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৩৩ রান তুলতেই শেষ ৪ উইকেট হারায় তারা। দলের রান সাড়ে তিনশ পার হওয়ার কৃতিত্ব জাদেজার। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে তিনি করেন ৪০ রান।
মাঝে ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে ৩১তমবারের মতো ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। এরই সঙ্গে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলা এই পেসার গড়েন কয়েকটি রেকর্ড।
ম্যাচটি শুরু করেছিলেন অ্যান্ডারসন ৩৯ বছর ১৩ দিন বয়সে, গত ৭০ বছরে এত বেশি বয়সে ৫ উইকেট শিকারের স্বাদ পাননি কোনো পেসার। ভারতের বিপক্ষে তো তিনিই টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারী পেসার।
টেস্ট ক্যারিয়ারে ৩১তমবারের মতো ৫ উইকেট নেওয়ার পর জেমস অ্যান্ডারসন।
ইনিংসে পঞ্চদশ ওভারে পরপর দুই বলে ডম সিবলি ও হাসিব হামিদকে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। মিড উইকেটে ক্যাচ দেন সিবলি ১১ রান করে। সাড়ে চার বছরের বেশি সময় পর ফেরার ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান হামিদ, হন বোল্ড।
দ্রুত উইকেট হারানো দলের হাল ধরেন রুট ও ররি বার্নস। দুইজনে গড়েন ৮৫ রানের দারুণ এক জুটি। তাদের ব্যাটে একশ ছাড়িয়ে যায় ইংল্যান্ড।
কিন্তু এরপরই ধাক্কা খায় তারা। ফিফটি থেকে এক রান দূরে আউট হয়ে যান বার্নস। মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হন তিনি ৭ চারে ৪৯ করে।
সতীর্থদের ব্যর্থতার মাঝে আগের টেস্টে দারুণ উজ্জ্বল ছিলেন রুট। এই ম্যাচে এসে ঠেকাতে হয়েছে সিরাজের হ্যাটট্রিক। দাঁড়িয়ে গেছেন আবারও। প্রথম ইনিংসে লিড নিতে তিনিই ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৭৬/৩) ১২৬.১ ওভারে ৩৬৪ (রাহুল ১২৯, রাহানে ১, পান্ত ৩৭, জাদেজা ৪০, শামি ০, ইশান্ত ৮, বুমরাহ ০, সিরাজ ০*; অ্যান্ডারসন ২৯-৭-৬২-৫, রবিনসন ৩৩-১০-৭৩-২, কারান ২২-২-৭২-০, উড ২৪.১-২-৯১-২, মইন ১৮-১-৫৩-১)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫ ওভারে ১১৯/২ (বার্নস ৪৯, সিবলি ১১, হামিদ ০, রুট ৪৮*, বেয়ারস্টো ৬*; ইশান্ত ১১-২-৩২-০, বুমরাহ ৯-৩-২৩-০, শামি ৮-১-২৩-১, সিরাজ ১৩-৪-৩৪-২। জাদেজা ৪-১-৬-০)।
