ক্রিকেটকে অলিম্পিকসে রাখতে আইসিসির উদ্যোগ
অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাব্যতা নিয়ে আলোচনা অনেক দিনের। অবশেষে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানাল আইসিসি।
বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরে ক্রিকেটকে রাখতে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা, আইসিসি।
২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকস ও ২০৩২ ব্রিজবেন অলিম্পিকসে চোখ রেখে ক্রিকেটের অন্তর্ভুক্তিতে কাজ করবে এই ওয়ার্কিং গ্রুপ।
এর আগেও নানা সময়ে এরকম পদক্ষেপ নেওয়ার আলোচনা হয়েছে। তবে আইসিসির প্রভাবশালী দেশগুলি, বিশেষ করে ভারতীয় বোর্ড অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্তির বিরুদ্ধে ছিল বলে নানা সময় শোনা গেছে।
তবে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের কথায় ইঙ্গিত, এখন সবার লক্ষ্য একই।
“আমাদের খেলাটি এই উদ্যোগে একতাবদ্ধ এবং ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ হিসেবে অলিম্পিকসকে দেখি আমরা। বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি সমর্থক আছে আমাদের এবং তাদের প্রায় ৯০ ভাগই ক্রিকেটকে অলিম্পিকসে দেখতে চায়।নিশ্চিতভাবেই ক্রিকেটের খুব একান্ত ও নিবিড় ভক্তগোষ্ঠী আছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, আমাদের সমর্থকদের ৯২ শতাংশই আছে যেখানে। এছাড়াও ক্রিকেটে ৩ কোটি সমর্থক আছে যুক্তরাষ্ট্রে।”
“আমাদের বিশ্বাস, অলিম্পিক গেমসে ক্রিকেট হবে দারুণ এক সংযুক্ত। যদিও আমরা জানি, ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কাজটি সহজ হবে না, কারণ আরও দারুণ সব খেলা আছে, যারা এটি চায়। তবে আমাদের মনে হয়েছে, সামনে এগিয়ে যাওয়া এবং দেখিয়ে দেওয়ার সময় এটিই যে ক্রিকেট ও অলিম্পিকসের বন্ধন কতটা দারুণ হতে পারে।”
